যশোরের ওসমানপুরে গৃহবধূকে পিটিয়ে রক্তাক্ত জখম

যশোরের ওসমানপুরে গৃহবধূকে পিটিয়ে রক্তাক্ত জখম

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সদর উপজেলার ওসমানপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী. জোৎস্না বেগম (৩২) কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জোৎস্না বেগম উল্লেখ করেন, প্রতিবেশী সাইদুল মোল্যা, জুই খাতুন, লাইলী বেগম, আজিজ মোল্যা ও কদ বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে বিভিন্ন তুচ্ছ বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। কয়েক মাস আগে তার ছেলে রাহাত হোসেনের সঙ্গে সাইদুল মোল্যার ছেলের খেলাধুলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকে অভিযুক্তরা তার ছেলেকে মারধর ও হত্যার হুমকিসহ বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।
লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ৩ জুলাই দুপুরে আবারও দুই শিশুর মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। পরে স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হলেও একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির সামনের রাস্তায় জোৎস্না বেগম একা থাকাকালে অভিযুক্তরা তার ওপর হামলা চালায়। এ সময় তাকে কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মারার পাশাপাশি মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করা হয় বলে অভিযোগ করেন তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। অভিযোগে আরও বলা হয়,ঘটনার পর অভিযুক্তরা তাকে,তার স্বামী ও মেয়েকে হত্যার হুমকি দেয় এবং এখনও বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে।
এ ঘটনায় ভুক্তভোগী কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়ে হামলার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ফাইল ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *