স্ফুলিঙ্গ ডেক্স :
রাজধানীর তুরাগে পারিবারিক কলহের জেরে এক পাষণ্ড ও মাদকাসক্ত বাবার নির্মম আক্রোশের শিকার হয়ে মায়ের কোল থেকে ছিনিয়ে নেওয়া ৭ মাস বয়সী এক দুগ্ধপোষ্য কন্যাসন্তানের করুণ মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম রাফা মনি ওরফে কবিতা। গতকাল বুধবার সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করার পর আজ বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) বিকেল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই লোমহর্ষক ও অমানবিক ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত পাষণ্ড পিতা রিকশাচালক কবির হোসেনকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ। নিহত রাফা মনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের কবির হোসেন ও লিমা আক্তার দম্পতির একমাত্র সন্তান ছিল। বর্তমানে তারা রাজধানীর তুরাগের কামারপাড়া ফুলবাড়িয়া বস্তিতে বসবাস করতেন।
শিশুটির মা লিমা আক্তার জানান, তাঁর স্বামী কবির হোসেন রিকশা চালালেও নিয়মিত কাজে যেতেন না এবং প্রায়শই নেশাগ্রস্ত অবস্থায় বাসায় ফিরতেন। এসব বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক অশান্তি ও কলহ চলে আসছিল। গতকাল বুধবার সন্ধ্যায় আবারও একই বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রচণ্ড ঝগড়াঝাঁটি বাধে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে কবির হোসেন মায়ের কোল থেকে ৭ মাসের শিশু রাফা মনিকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে ঘরের মেঝেতে সজোরে আছাড় মারেন।
ঘটনার আকস্মিকতায় শিশুটির চিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে রক্তাক্ত ও অচেতন অবস্থায় রাফাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে অবস্থার আরও অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় বুধবার মধ্যরাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ সময় যমে-মানুষে লড়াইয়ের পর আজ বিকেলে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে অবুঝ শিশুটি।
তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান ফয়সাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:”খবর পাওয়ার পরপরই বুধবার রাতে পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে শিশুটির বাবা রিকশাচালক কবির হোসেনকে আটক করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহের জেরে এবং মাদকাসক্ত অবস্থায় সে নিজের একমাত্র সন্তানকে আছাড় মেরে রক্তাক্ত করে। এ ঘটনায় তুরাগ থানায় একটি হত্যা মামলা দায়েরের পর কবির হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। নিহত শিশুর লাশের ময়নাতদন্ত সম্পন্ন করার প্রক্রিয়া চলছে এবং ঘটনার আরও বিস্তারিত তদন্ত করা হচ্ছে।” ছবি সংগৃহীত।


