মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে এবং তরুণ প্রজন্মকে এই মরণব্যাধি থেকে রক্ষা করার লক্ষ্যে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এক চূড়ান্ত ও নজিরবিহীন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব। তিনি অত্যন্ত কঠোর ভাষায় স্পষ্ট করে বলেছেন, “যারা এই এলাকায় থেকে মরণনেশা মাদকের ব্যবসা করছেন, তারা অনতিবিলম্বে এই অবৈধ ব্যবসা ছেড়ে সুস্থ জীবনে ফিরে আসুন; অন্যথায় আপনাদের এই এলাকা ছেড়ে চলে যেতে হবে। মাদকের বিষাক্ত ছোবল দিয়ে যারা সমাজ ও পরিবার ধ্বংস করছে, তাদের এই স্বাধীন সমাজে মাথা তুলে দাঁড়ানোর কোনো স্থান হবে না।”
আজ ১৯ জুন ২০২৬ শুক্রবার বিকেলে কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া এলাকার ঐতিহ্যবাহী সোয়াইবনগর কামিল মাদ্রাসা প্রাঙ্গণে আড়পাড়া নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এক বিশাল মাদকবিরোধী জনসচেতনতা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আড়পাড়া নাগরিক সমাজের এই মহতী উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, সমাজসেবক, ব্যবসায়ী, স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, বিপুল সংখ্যক তরুণ এবং স্থানীয় কর্মরত সাংবাদিকসহ সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা আবু তালিব তাঁর বক্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “মাদকের বিরুদ্ধে এবং মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে সোচ্চার অবস্থান নেওয়ায় সম্প্রতি বাংলাদেশ পুলিশের একজন বীর অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) আনোয়ার হোসেন দুষ্কৃতকারীদের বর্বরোচিত হামলার শিকার হয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক, ন্যাক্কারজনক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য চরম হুমকিস্বরূপ।” তিনি আরও অভিযোগ করেন যে, বিগত দীর্ঘ বছর ধরে বিভিন্ন রাজনৈতিক মহলের প্রত্যক্ষ ও পরোক্ষ ছত্রছায়ায় একটি শক্তিশালী অপরাধী চক্র এই এলাকায় নিরাপদে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল, যার কারণে সাধারণ মানুষ ভয়ে তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাননি। তবে বর্তমান সময়ে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা পরিচয় বিবেচনা করা হবে না এবং মাদক ব্যবসায়ীদের কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে তিনি দ্ব্যর্থহীন ঘোষণা দেন। একই সাথে তিনি অবসরপ্রাপ্ত অতিরিক্ত এসপি আনোয়ার হোসেনের ওপর হামলার ঘটনায় জড়িত মূল অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে এবং তাদের বিরুদ্ধে কঠোর সামাজিক ও আইনগত প্রতিরোধ গড়ে তোলার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন তাঁর পেশাদারী বক্তব্যে বলেন, “মাদকের কালো হাত গুঁড়িয়ে দিতে পুলিশ প্রশাসনের ওপর যত বড় বাধাই আসুক না কেন, আমাদের এই বিশেষ মাদকবিরোধী চিরুনি অভিযান কোনো অবস্থাতেই থামবে না। কোনো অপরাধী বা তাদের গডফাদারেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য কোথাও অপপ্রচার চালিয়ে পুলিশের এই নিয়মতান্ত্রিক কার্যক্রমকে ধামাচাপা দিতে বা বাধাগ্রস্ত করতে পারবে না।” মাদকের বিরুদ্ধে এই কঠিন লড়াইয়ে শতভাগ জয়ী হতে তিনি সাধারণ জনগণের সক্রিয় সহযোগিতা এবং অপরাধীদের গোপন আস্তানার সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার অনুরোধ জানান।
মতবিনিময় সভায় উপস্থিত অন্যান্য বিশিষ্ট বক্তারা তাঁদের বক্তব্যে আক্ষেপ করে বলেন, মাদক বর্তমানে আমাদের সমাজ, পরিবার ও তরুণ প্রজন্মের মেধা ধ্বংসের জন্য সবচেয়ে বড় হুমকি ও মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। মাদকের আশঙ্কাজনক বিস্তারের কারণেই সমাজে খুন, ছিনতাই, পারিবারিক অশান্তি এবং চরম নৈতিক অবক্ষয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই দল-মত ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে কলারোয়া ও কালীগঞ্জের সর্বস্তরের মানুষকে এই মাদক নির্মূলে এক প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
নাগরিক সমাজের নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, এলাকায় কোনোভাবেই আর নতুন করে মাদক স্পট বা মাদক ব্যবসা চলতে দেওয়া হবে না। যারা এখনো গোপনে এই অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন, তাদের স্বেচ্ছায় ভালো পথে ফিরে আসার আহ্বান জানানো হচ্ছে; অন্যথায় পুলিশের আইনি অ্যাকশনের পাশাপাশি সমাজ থেকে তাদের পুরোপুরি একঘরে ও বয়কট করে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে। সভা শেষে সমবেত হাজারো মানুষ একটি সুন্দর ও মাদকমুক্ত আধুনিক কালীগঞ্জ গড়ে তুলতে প্রশাসনের সঙ্গে কাধে কাধ মিলিয়ে সমন্বিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ও শপথ ব্যক্ত করেন। ছবি সংগৃহীত।


