মহম্মদপুরে কৃষি ও ক্রীড়া উপকরণ বিতরণ করলেন সংস্কৃতি মন্ত্রী

মহম্মদপুরে কৃষি ও ক্রীড়া উপকরণ বিতরণ করলেন সংস্কৃতি মন্ত্রী

জাকির হোসাইন তুষার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:

কৃষি খাতের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং তরুণের মানসিক ও শারীরিক বিকাশ ত্বরান্বিত করার লক্ষ্য নিয়ে মাগুরার মহম্মদপুরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে উপজেলার কৃষকদের মাঝে কীটনাশক ছিটানোর আধুনিক স্প্রে মেশিন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ফুটবল ও ভলিবল তুলে দেওয়া হয়।

আজ শনিবার (২৫ জুলাই ২০২৬) অপরাহ্নে মহম্মদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা সামগ্রী হস্তান্তর করা হয়।

মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

উপস্থিত কৃষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে উপকরণ তুলে দিয়ে প্রধান অতিথি বলেন, সরকার কৃষির আধুনিকায়ন এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার ওপর সমান গুরুত্বারোপ করছে। আধুনিক প্রযুক্তির ব্যবহারে কৃষি ফলন যেমন বাড়বে, তেমনি খেলার মাঠে কিশোর-তরুণদের উপস্থিতি তাদের সামাজিক নানা অবক্ষয় থেকে মুক্ত রাখবে।

অনুষ্ঠানের সভাপতি ইউএনও বেদবতী মিস্ত্রী জানান, এডিপির সঠিক ব্যবহার নিশ্চিত করে তৃণমূল পর্যায়ে সরকারের এই সুযোগ-সুবিধাগুলো পৌঁছে দেওয়া হচ্ছে এবং জনকল্যাণমুখী এ ধরনের উদ্যোগ সামনেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ (অব.) মো. মতিউর রহমান, অধ্যক্ষ মো. মৈমুর আলী মৃধা, অ্যাডভোকেট রোকুনুজ্জামান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস. এম. ইউনুচ আলী, ড. রইচ উদ্দিনসহ এলাকার সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় কৃষকবৃন্দ। উপকরণ হাতে পেয়ে কৃষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে বিশেষ উদ্দীপনা ও স্বস্তি লক্ষ্য করা গেছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *