আর কত অপেক্ষা?

আর কত অপেক্ষা?

জাকির হোসাইন তুষার,মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:

স্কুলে যাওয়ার জন্য প্রতিদিনের মতোই বই-খাতা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল ১৫ বছরের কিশোরী মাইশা আক্তার। পরিবারের ধারণা ছিল, কয়েক ঘণ্টা পরই সে আবার ফিরে আসবে। কিন্তু সেই অপেক্ষা আজ এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। ক্যালেন্ডারের পাতা বদলেছে, ঋতু বদলেছে, বদলেছে সময়; শুধু বদলায়নি একটি পরিবারের অপেক্ষা। এখনও মেয়ের ফিরে আসার আশায় প্রতিটি দিন গুনছেন বাবা-মা।

মাগুরার মহম্মদপুর সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মাইশা আক্তারের বাবা মো. আব্দুল আজিজের অভিযোগ, ২০২৫ সালের ১২ অক্টোবর স্কুলে যাওয়ার পথে মহম্মদপুর বাজার এলাকার সোনালী ব্যাংকের সামনে থেকে তার মেয়েকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়।

থানায় দায়ের করা এজাহারে তিনি উল্লেখ করেন, স্থানীয় এক যুবক দীর্ঘদিন ধরে তার মেয়েকে উত্ত্যক্ত করতেন। বিষয়টি নিয়ে অভিযুক্তের পরিবারের সঙ্গে একাধিকবার আলোচনা করেও কোনো সমাধান হয়নি। বরং মেয়েকে ওই যুবকের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। এতে রাজি না হওয়ায় পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে মাইশা স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। মহম্মদপুর বাজারে পৌঁছানোর পর কয়েকজনের সহযোগিতায় তাকে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় মেয়েটির চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এলেও দ্রুতগতিতে গাড়িটি চলে যাওয়ায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

ঘটনার পরপরই মহম্মদপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রেকর্ড হয়। কিন্তু এক বছরেরও বেশি সময় পার হলেও মাইশার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পায়নি পরিবার। এতে মামলার অগ্রগতি নিয়ে তাদের মধ্যে হতাশা ও ক্ষোভ আরও বেড়েছে।

কাঁদতে কাঁদতে মাইশার বাবা মো. আব্দুল আজিজ বলেন, “এক বছর ধরে আমরা শুধু অপেক্ষা করছি। প্রতিদিন মনে হয়, হয়তো আজ আমার মেয়েটা ফিরে আসবে। কিন্তু দিন শেষে সেই অপেক্ষাই থেকে যায়। একজন বাবার জন্য এর চেয়ে বড় কষ্ট আর কী হতে পারে? আমি শুধু আমার মেয়েকে জীবিত ফিরে পেতে চাই। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”

স্থানীয়দের ভাষ্য, ঘটনার পর পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। শুরুতে দ্রুত তদন্ত ও উদ্ধারের আশ্বাস মিললেও সময়ের সঙ্গে সঙ্গে সেই তৎপরতা অনেকটাই স্তিমিত হয়ে গেছে বলে তাদের অভিযোগ। ফলে এক বছর পরও মাইশার ভাগ্যে কী ঘটেছে—সে প্রশ্নের উত্তর আজও অজানা।

এ বিষয়ে জানতে চাইলে মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম বলেন, “দুটি মামলার বিষয়ে আমরা অবগত আছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।”

তবে মামলার বর্তমান তদন্ত, আসামিদের অবস্থান কিংবা নিখোঁজ কিশোরীর সম্ভাব্য অবস্থান সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।

অন্যদিকে, মাইশা যে বিদ্যালয়ে অধ্যয়ন করত, সেই মহম্মদপুর সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ফারহান নিপু বলেন তার সঙ্গে ঘটা ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মাইশা অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল। আমরা এখনো তার অপেক্ষায় রয়েছি। আশা করছি সে দ্রুতই ফিরে আসবে আমাদের মাঝে।

একটি বছর পেরিয়ে গেছে। সময় থেমে থাকেনি, কিন্তু থেমে আছে একটি পরিবারের স্বাভাবিক জীবন। প্রতিটি সকাল শুরু হয় মেয়ের ফিরে আসার আশায়, আর প্রতিটি রাত শেষ হয় না-পাওয়ার দীর্ঘশ্বাসে। এক বছরেও মাইশা আক্তারের কোনো সন্ধান না মেলায় এলাকায় নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। পরিবার ও স্থানীয়দের দাবি, মামলার তদন্তে নতুন গতি এনে আধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মেয়েটিকে উদ্ধারের উদ্যোগ নেওয়া হোক।

কারণ, প্রতিটি দিন পেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শুধু সময়ই ফুরিয়ে যাচ্ছে না—ফিকে হয়ে যাচ্ছে একটি পরিবারের হাসি, জমা হচ্ছে অজানা শঙ্কা আর অশ্রুর ভার। তবুও তাদের বিশ্বাস, কোনো একদিন হয়তো দরজায় কড়া নাড়বে হারিয়ে যাওয়া সেই প্রিয় মুখ—মাইশা।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

সংস্কৃতি মন্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবর

মহম্মদপুরে কৃষি ও ক্রীড়া উপকরণ বিতরণ করলেন সংস্কৃতি মন্ত্রী

মহম্মদপুরে আড়াই হাজার মিটার অবৈধ জাল জব্দ ও দাহ

মহম্মদপুরে দুই ভাইয়ের দুই শিশুকন্যার মর্মান্তিক প্রয়াণ

মাগুরায় ৪ বছর আগের শিশু হত্যা ও ধর্ষণ মামলার রায় : ঘাতক হাসান শেখের মৃত্যুদণ্ডের আদেশ

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারাও এ দেশের সমান অধিকারসম্পন্ন নাগরিক -সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চ...

মহম্মদপুরে আলোচনা সভা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

মহম্মদপুরে সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টা : বিক্ষুব্ধ এলাকাবাসী

মহম্মদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *