ভাইয়ের বিরুদ্ধে তিন বোনের সংবাদ সম্মেলন

ভাইয়ের বিরুদ্ধে তিন বোনের সংবাদ সম্মেলন

শহিদ জয় :

যশোরের অভয়নগর উপজেলায় পৈত্রিক সম্পত্তি জালিয়াতির অভিযোগ তুলে আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তিন বোন। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তারা লিখিত বক্তব্য উপস্থাপন করেন।

লিখিত বক্তব্যে ছোট বোন ম্যানসি আক্তার জলি জানান, তাদের পিতা মো. মকিম উদ্দীন মোল্লা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। বর্তমানে তিনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন এবং চলাফেরা ও কথা বলতে অক্ষম। পিতার নামে অভয়নগর উপজেলার ২৬ নম্বর ধোপাদী ও ৫৬ নম্বর বুইকারা মৌজায় মোট ২৩১ শতক জমি রয়েছে, যার বৈধ উত্তরাধিকার তারা সবাই।

তিনি অভিযোগ করেন, ২০২৫ সালের ১১ জুলাই সম্পত্তি বণ্টনের বিষয়ে পিতার সঙ্গে কথা বলতে গেলে তাদের ভাই মো. ইব্রাহিম হোসেন রনি ক্ষিপ্ত হয়ে জানান, তারা কোনো অংশ পাবেন না। তিনি দাবি করেন, পিতা ইতোমধ্যে তার নামে সম্পত্তি লিখে দিয়েছেন। পরবর্তীতে নওয়াপাড়া সাব-রেজিস্ট্রি অফিসে খোঁজ নিয়ে তারা ২০২৫ সালের ৭ মে তারিখের ২০৫৪/২৫ নম্বর একটি হেবা দলিলের তথ্য পান।

দলিলটি যাচাই করে তারা দেখতে পান, জালিয়াতির মাধ্যমে পিতা ও এক বোনের নাম-ঠিকানা এবং স্বাক্ষর জাল করে ২৩১ শতক জমির মধ্যে ১৪৪ শতক জমি নিজের নামে লিখে নিয়েছেন বলে অভিযোগ করেন তারা।

এ ঘটনায় ভুক্তভোগীরা যশোরের যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতে দেওয়ানি ১৬৬/২৫ নম্বর মামলা দায়ের করেছেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও নওয়াপাড়া এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি অল্প টাকার বিনিময়ে ওই জমি দখলের চেষ্টা করছে। আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হলেও অভিযুক্তরা তা উপেক্ষা করে জোরপূর্বক দখলের চেষ্টা অব্যাহত রেখেছে বলে অভিযোগ করা হয়।

ভুক্তভোগী পরিবারটি জানায়, নারী হওয়ায় তারা প্রতিরোধ গড়ে তুলতে পারছেন না এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থায় তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বড় বোন পাপিয়া খাতুন পপি ও মেজ বোন সোনিয়া আক্তার পলি।ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *