বৈরী আবহাওয়া উপেক্ষা করে বর্ণাঢ্য র‍্যালি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে বর্ণাঢ্য র‍্যালি

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”— এই দূরদর্শী প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপকূলীয় জেলা পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো বিপুল উৎসাহ-উদ্দীপনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। আজ সোমবার ০৬ জুলাই সকাল ১১টায় কলাপাড়া উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে এই বিশেষ কর্মসূচি উদযাপন করা হয়। এদিন সকাল থেকে উপকূলে বৈরী আবহাওয়া ও হালকা মাঝারি বৃষ্টিপাত উপেক্ষা করেই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কলাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয় এবং পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা, ঋণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান  হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হাজী হুমায়ূন সিকদার। অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য পেশ করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবা বেগম। অন্যান্যের মধ্যে আরও গঠনমূলক বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোকছেদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসেন এবং কলাপাড়া পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর সম্মানিত চেয়ারম্যান ফোরকান তালুকদার। এ সময় স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি ছাড়াও প্রান্তিক পর্যায়ের বিপুলসংখ্যক সুবিধাভোগী কৃষক-কৃষাণী ও ক্ষুদ্র সমবায়ী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই, বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ বিনির্মাণ করতে হলে সবার আগে গ্রামীণ অর্থনীতির চাকা সচল করতে হবে। কৃষিভিত্তিক আধুনিক উন্নয়ন, গ্রামীণ অবকাটামো সংস্কার, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য, গুণগত শিক্ষা এবং প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল সংযোগ স্থাপন এখন সময়ের দাবি। বক্তারা দেশের সামগ্রিক জিডিপিতে পল্লী অঞ্চলের অবদান তুলে ধরে গ্রামীণ নারী ও যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সরকারকে আরও কার্যকর ও যুগোপযোগী পদক্ষেপ নেওয়ার জোরালো অনুরোধ জানান।

অনুষ্ঠানের শেষভাগে বিআরডিবির আওতাধীন বিভিন্ন সফল সুবিধাভোগী সমবায়ী সদস্যদের মাঝে ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্পের জন্য স্বাবলম্বী ঋণ এবং কিশোরী সদস্যদের মাঝে সঞ্চয় প্রণোদনার চেকে আর্থিক অনুদান বিতরণ করা হয়। একই সঙ্গে রাষ্ট্রীয় অঙ্গীকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষায় সমবায়ী সফলভোগী সদস্যদের মাঝে ফলদ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা। বৈরী আবহাওয়ার মধ্যেও এমন সুশৃঙ্খল ও কল্যাণমুখী আয়োজন কলাপাড়ার প্রান্তিক জনপদের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ছবি-বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *