বিশ্বকাপ উন্মাদনা কলাপাড়ায়

বিশ্বকাপ উন্মাদনা কলাপাড়ায়

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া।।

মাঠের খেলা শুরু হতে এখনো বাকি, কিন্তু তার আগেই ফুটবল বিশ্বকাপের চিরচেনা উন্মাদনা ও জোয়ারে মেতে উঠেছে পটুয়াখালীর কলাপাড়া উপকূল। বৈরী আবহাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ১০০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার জাতীয় পতাকা এবং লিওনেল মেসির ২০ ফুট লম্বা দানবীয় অবয়ব (কাটআউট) নিয়ে বিশাল এক মোটরসাইকেল শোভাযাত্রা করেছে স্থানীয় ‘আর্জেন্টিনা ফ্যান ক্লাব’।

আজ সোমবার (৮ জুন ২০২৬) বিকেল ৫টার দিকে কলাপাড়া পৌর শহরের হ্যালিপ্যাড মাঠ থেকে বর্ণাঢ্য এই শোভাযাত্রাটি বের করা হয়। শতাধিক মোটরসাইকেলের এই বহরটি পরবর্তীতে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা খেলার মাঠে গিয়ে শেষ হয়।

সরেজমিনে দেখা যায়, লঘুচাপের কারণে উপকূলে গতকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন এবং বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তবে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে এই প্রতিকূল আবহাওয়া বাধা হতে পারেনি ভক্তদের জন্য। শোভাযাত্রা শুরুর আগে থেকেই কলাপাড়ার হ্যালিপ্যাড মাঠে শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী আর্জেন্টিনা সমর্থকদের ঢল নামে। অধিকাংশেরই গায়ে ছিল আকাশি-সাদা জার্সি এবং হাতে ছিল ছোট-বড় পতাকা।

মোটরসাইকেল শোভাযাত্রাটি যখন শহরের সড়কগুলো অতিক্রম করছিল, তখন পুরো কলাপাড়া শহরজুড়ে ‘আর্জেন্টিনা’ এবং ‘মেসি মেসি’ প্রতিধ্বনিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ ও পথচারীদেরও হাত নেড়ে এই উন্মাদনাকে স্বাগত জানাতে দেখা যায়।

আর্জেন্টিনা ফ্যান ক্লাবের স্থানীয় আয়োজকরা জানান, ভৌগোলিক দূরত্ব যাই হোক না কেন, ফুটবল ও লিওনেল মেসির প্রতি কলাপাড়াবাসীর আবেগ যে কতখানি গভীর, তা প্রমাণ করতেই এই বৃষ্টির মধ্যেও তাঁরা এই উৎসবের আয়োজন করেছেন। আগামীতে বিশ্বকাপের মূল ম্যাচগুলোকে ঘিরে আরও বড় বড় চমক ও বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হবে বলেও জানান তাঁরা।

ছবি ভিডিও থেকে সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *