প্রায় ৩২ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

প্রায় ৩২ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বিভিন্ন সীমান্ত ও চেকপোস্ট এলাকায় বিজিবির বিশেষ টহল দল একযোগে মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী চিরুনি অভিযান পরিচালনা করে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল জব্দ করতে সক্ষম হয়েছে। আজ শুক্রবার (৫ জুন, ২০২৬) দিনভর সীমান্তের কৌশলগত ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এই সফল ও ঝটিকা অভিযানগুলো পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, আজ ৪৯ বিজিবির বিশেষ টহলদল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে যশোর সীমান্তের মাসিলা বিওপি, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের আওতাধীন সীমান্ত এলাকায় একযোগে এই অভিযান চালায়। অভিযানকালে চোরাকারবারিদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্যসামগ্রী উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে—৭৮ বোতল উইনসেরেক্স কাশির সিরাপ (WINCEREX COUGH SYRUP), ১৫১ পিস উন্নতমানের শাড়ি, ১ পিস থ্রি-পিস, ৩টি কম্বল, ১০১ প্যাকেট ফুচকা, ১০ কেজি কিশমিশ, ৩ কেজি জিরা, ৯৬ পিস ভারতীয় ইনজেকশন, ১৩২ পিস খাদ্যসামগ্রী, ১৩ প্যাকেট সোনপাপড়ি, ১১৯৫ পিস বিভিন্ন প্রকারের চকোলেট এবং ১৫৯১ পিস বিভিন্ন ধরনের নামী-দামী ভারতীয় কসমেটিকস সামগ্রী। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত এই বিশাল চোরাচালানি মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৩১,৭৪,৯৬০/- (একত্রিশ লাখ চুয়াত্তর হাজার নয়শত ষাট) টাকা। জব্দকৃত এই বিপুল পরিমাণ ভারতীয় মালামাল ও মাদক আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কাস্টমস গুদাম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার আইনি প্রক্রিয়া জোরালোভাবে চলমান রয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *