স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১৮৮ বান্ডিল আমদানি নিষিদ্ধ বিদেশী ফিসিং নেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার (২৩ মে) রাত ১১টার দিকে শার্শা উপজেলার বাগুড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তি হলেন ঝিকরগাছা উপজেলার কুলবাড়িয়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে রফিক পশারী (৬১)।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার একটি দল বাগুড়ী এলাকার বেলতলা বাজারে অভিযান চালায়। এসময় আটক আসামি ও পলাতক এক অজ্ঞাতনামা প্রাইভেটকার চালকের ব্যবহৃত একটি পুরাতন সাদা রংয়ের টয়োটা প্রাইভেটকার তল্লাশি করে ৫টি প্লাস্টিকের বস্তার মধ্যে রাখা ১৮৮ বান্ডিল বিদেশী ফিসিং নেট উদ্ধার করা হয়।
এপ্রসঙ্গে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন জানান, এ ঘটনায় আটক আসামি ও পলাতক অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে শার্শা থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান। ছবি সংগৃহীত।

