স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের চৌগাছায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে আকাশ (১৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত সোয়া এগারোটার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের কংশারীপুর গ্রামের দামোদার বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত আকাশ চৌগাছা উপজেলার টেংগুরপুর গ্রামের টুটুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হেলমেট পরিহিত অবস্থায় হোন্ডা হরনেট ১৫০ সিসি মোটরসাইকেলযোগে চৌগাছা বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন আকাশ। পথে কংশারীপুর গ্রামের দামোদার বটতলা এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা দেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। আহতের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ফাইল ছবি।

