সালাহ্উদ্দীন সাগর
‘নিত্য নতুনের অমৃতধারা’ এই প্রতিপাদ্যে যশোরে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত আনন্দ শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ।
সকাল ৮টা ৫০ মিনিটে শহরের টাউন হল ময়দান থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের নেতৃত্বে শোভাযাত্রাটি শুরু হয়। রঙিন ব্যানার, ফেস্টুন এবং বাঙালির ঐতিহ্যবাহী সাজসজ্জায় সজ্জিত এ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল ময়দানে এসে শেষ হয়।
শোভাযাত্রায় হাতি, ঘোড়া, ময়ূর, পালকিসহ নানা প্রতীকী উপস্থাপনা স্থান পায়, যা বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরে। এতে চারুপীঠ, উদীচী, বিবর্তনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশ নিয়ে বৈচিত্র্যময় পরিবেশনার মাধ্যমে নববর্ষকে বরণ করে।
এদিকে টাউন হল ময়দান ও পৌরপার্কে দিনব্যাপী আয়োজন করা হয়েছে নানা লোকজ অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা ও গ্রামীণ ঐতিহ্যের প্রদর্শনী। নাচ-গান ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানায় যশোরবাসী।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলবে এ বর্ণাঢ্য আয়োজন।
ছবি-সালাহ্উদ্দীন সাগর।


