স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহরে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে মিরাজ হোসেন (১৯) নামে এক যুবক আহত হয়েছেন। এ ঘটনায় তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৩ মে) দুপুরে শহরের লিচুতলা ব্রিজ সংলগ্ন পিন্টুর মোড়ে এ ঘটনা ঘটে।
আহত মিরাজ হোসেন ঝুমঝুমপুর এলাকার মুনসুর আলীর ছেলে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র ও হাসপাতাল সূত্রে জানা যায়, মোটরসাইকেল বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে বুধবার বেলা পৌনে তিনটার দিকে মিরাজকে একা পেয়ে হামলা চালায় হৃদয় (২৪), সাজিদ (২২), বর্ষণ (২১)সহ অজ্ঞাত আরও ২/৩ জন। অভিযুক্তদের মধ্যে হৃদয় শেখহাটি এলাকার সমিরের ছেলে,সাজিদের বাবার নাম জানা যায়নি এবং বর্ষণ ঝুমঝুমপুর চান্দের মোড় এলাকার শরিফুল ইসলাম টগরের ছেলে।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা মিরাজকে চাকু দিয়ে বুকের বাম পাশে ও বাম উরুর পেছনে আঘাত করে গুরুতর জখম করে। পরে তার কাছে থাকা একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় মিরাজকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ছবি সংগৃহীত।


