যশোরে শুরু হচ্ছে জেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

যশোরে শুরু হচ্ছে জেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

প্রেস বিজ্ঞপ্তি

যশোরে আগামী ১৪ থেকে ১৬ মে পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) ২০২৬ ও প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা) ২০২৬-এর জেলা পর্যায়ের খেলা। জেলা প্রাথমিক শিক্ষা অফিস, যশোরের আয়োজনে উপশহর এলাকার বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১৪ মে বৃহস্পতিবার সকাল ১০টায় বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। বিশেষ অতিথি থাকবেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোর জেলা পরিষদের প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন খান খোকন, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) জি.এম. আলমগীর কবির।

এদিকে, আগামী ১৬ মে শনিবার বিকাল ৪টায় একই স্থানে ফাইনাল খেলা, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

আয়োজক সূত্রে জানা গেছে, টুর্নামেন্টের প্রথম পর্বের খেলাগুলো ১৪ মে বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উপশহর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। বালক ও বালিকা উভয় বিভাগে জেলার বিভিন্ন উপজেলার দল অংশগ্রহণ করবে।

প্রথম দিনের খেলায় বাঘারপাড়া বনাম অভয়নগর, চৌগাছা বনাম মনিরামপুর, কেশবপুর বনাম ঝিকরগাছা এবং শার্শা বনাম সদর উপজেলা দল মুখোমুখি হবে।

১৫ মে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। এরপর ১৬ মে বিকালে বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *