কোটচাঁদপুরে আওয়ামী লীগের দুই ইউপি চেয়ারম্যানকে পুর্নবহালের প্রতিবাদে বিক্ষোভ

কোটচাঁদপুরে আওয়ামী লীগের দুই ইউপি চেয়ারম্যানকে পুর্নবহালের প্রতিবাদে বিক্ষোভ

রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ) থেকে :

আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ৫ নম্বর এলাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিজু খাঁ এবং ৪ নম্বর বলুহর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামকে স্বস্ব ইউনিয়ন পরিষদে পুনর্বহাল ও বসানোর প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘জুলাই যোদ্ধা’ এবং জামায়াত-শিবিরের স্থানীয় ত্যাগী নেতাকর্মী ও সাধারণ সর্বস্তরের সাধারণ জনতা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। ফ্যাসিস্ট সরকারের দোসর ও বিতর্কিত এসব চেয়ারম্যানকে পুনরায় ইউনিয়ন পরিষদের চেয়ারে বসানোর প্রক্রিয়াকে জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সাথে বেইমানি বলে আখ্যা দিয়েছেন আন্দোলনকারীরা।

বিক্ষোভকারীদের পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করা হয়েছে, বিতর্কিত এই দুই চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদে পুনরায় বসানোর ব্যাপারে খোদ উপজেলা জামায়াতের আমিরসহ শীর্ষস্থানীয় তিন নেতার সরাসরি হাত ও গোপন আঁতাত রয়েছে। জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা এবং জামায়াত-শিবিরের মাঠপর্যায়ের ত্যাগী নেতাকর্মীরা এই অনৈতিক সমঝোতার তীব্র নিন্দা জানিয়ে বলেন, মাঠের দীর্ঘ লড়াইয়ের ফসলকে নস্যাৎ করে দিয়ে ফ্যাসিস্ট আমলের চিহ্নিত নেতাদের পুনর্বাসনের এই চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

স্থানীয় সূত্র থেকে জানা গেছে, ৫ নম্বর এলাঙ্গী ইউনিয়নের বিতর্কিত চেয়ারম্যান মিজানুর রহমান খাঁন ওরফে মিজু খাঁ স্থানীয় জামায়াত নেতা ও ইউপি মেম্বার হাফেজ কালাম হত্যা মামলার অন্যতম প্রধান চার্জশিটভুক্ত আসামি। এমন একজন কুখ্যাত ব্যক্তিসহ বলুহরের স্বৈরাচারী নেতার পুনর্বাসনে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

এদিকে গত ১৬ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, ঝিনাইদহ (স্থানীয় সরকার শাখা) এর জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন স্বাক্ষরিত এক অফিসিয়াল স্মারকপত্রে (স্মারক নম্বর: ০৫.৪৪.৪৪০০.০০০.০০৭.০২.০০০৩.২৫.১৫১) মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন ৪১২৩/২০২৬ এর আদেশ বাস্তবায়নের তথ্য নিশ্চিত করা হয়। ওই সরকারি চিঠিতে উল্লেখ করা হয়, বিগত ১০-১১-২০২৪ তারিখের আদেশে প্যানেল চেয়ারম্যানদের ওপর অর্পিত ক্ষমতা স্থগিত করে মহামান্য হাইকোর্টের আদেশ মোতাবেক ৪ নম্বর বলুহর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম এবং ৫ নম্বর এলাঙ্গী ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মোঃ মিজানুর রহমানকে স্বস্ব পদে পুর্নবহাল করা হলো।

আইনি মারপ্যাঁচে এই পুনর্বহালের আদেশ আসলেও কোটচাঁদপুরের সচেতন জনতা ও জুলাই যোদ্ধারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আইনি প্রক্রিয়ার আড়ালে জনআকাঙ্ক্ষা বিরোধী কোনো অপশক্তিকে তারা ইউনিয়ন পরিষদে ঢুকতে দেবেন না। অবিলম্বে এই দুই চেয়ারম্যানের অপসারণ এবং তাদের পুনর্বাসনের নেপথ্যে থাকা স্থানীয় নেতাদের জবাবদিহিতার আওতায় আনার দাবিতে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে সমাবেশ থেকে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *