কোটচাঁদপুর পাইলট বালিকা বিদ্যালয়ে “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচি

কোটচাঁদপুর পাইলট বালিকা বিদ্যালয়ে “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচি

রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ) থেকে: ২৯ জুন -২০২৬ সোমবার

“ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” (একটি শিশু, একটি গাছ) এই যুগোপযোগী প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের ঐতিহ্যবাহী কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতামূলক সেমিনার, বর্ণাঢ্য র‍্যালি এবং বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৬ পালিত হয়েছে। আজ সোমবার (২৯ জুন) লেইস প্রজেক্টের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।

উল্লেখ্য, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় আজ সোমবার আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” শ্লোগানকে প্রতিপাদ্য করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কেন্দ্রীয়ভাবে এই মহতী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই স্থানীয় উৎসবমুখর কর্মসূচির সূচনা ঘটে।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব দীপা রানী সরকার। এ সময় তাঁর সাথে আরও চারা রোপণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ বাকী বিল্লাহ, একাডেমিক সুপারভাইজার জনাব মোঃ ফারুক আহমেদ, এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহক আলী। প্রাঙ্গণে চারা রোপণ শেষে বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও ছাত্রীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের করা হয়, যা চারপাশের সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে বিদ্যালয় মিলনায়তনে পরিবেশ সচেতনতা বিষয়ক এক বিশেষ আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কোটচাঁদপুর পৌরসভার বারবার নির্বাচিত সাবেক মেয়র জনাব এস কে এম সালাহউদ্দীন বুলবুল সিডল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি ও সাংবাদিক জনাব মোঃ রফিকুল ইসলাম রফিক মন্ডল, অভিভাবক সদস্য জনাব মোঃ খাইরুল ইসলাম এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এস এম হুমায়ন কবির বিপুল। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষকমণ্ডলী ও কয়েকশত শিক্ষার্থী সেমিনারে উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে অত্যন্ত নিখুঁতভাবে তেলাওয়াত করেন নবম শ্রেণির মেধাবী ছাত্রী নিশাত শারীকা এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন একই শ্রেণির ছাত্রী রমা সরকার। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকার ও সাবলীলভাবে সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুবাস কুমার রায়।

সেমিনারে বক্তারা জলবায়ু সংকট কাটিয়ে উঠতে প্রতিটি ছাত্রীকে অন্তত একটি করে গাছ লাগানোর এবং সেটির পূর্ণাঙ্গ পরিচর্যা করার সুনির্দিষ্ট আহ্বান জানান। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *