বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া :
উপকূলীয় জনপদ কলাপাড়ায় কিশোর গ্যাংয়ের ক্রমবর্ধমান আধিপত্য বিস্তার, বেপরোয়া আচরণ ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এক ব্যতিক্রমী গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৬ জুন, ২০২৬) বিকেল ৫টায় বেসরকারি গবেষণা সংস্থা ‘ইকোজেন রিসার্চ’-এর উদ্যোগে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে এই গুরুত্বপূর্ণ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপুর সভাপতিত্বে আয়োজিত এই গোলটেবিল বৈঠকে স্থানীয় গণমাধ্যমকর্মী, প্রবীণ শিক্ষাবিদ, স্থানীয় সরকারের জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইকোজেন রিসার্চের সদস্য ও সামাজিক সংগঠন ‘আমরা কলাপাড়াবাসী’-র সভাপতি নাজমুস সাকিব।
বৈঠকে অংশ নেওয়া বক্তারা কলাপাড়া উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লা ও শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে আশঙ্কাজনকহারে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপসংস্কৃতি বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, ইন্টারনেটের অপব্যবহার, পারিবারিক নজরদারির অভাব এবং রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ের কারণে কিশোরদের একটা বড় অংশ মাদক, ইভটিজিং ও গ্যাং কালচারে জড়িয়ে পড়ছে, যা সামাজিক শান্তির জন্য বড় হুমকি।
অনুষ্ঠানে উপস্থিত সুধীজনরা এই সামাজিক ব্যাধি ও কিশোর অপরাধের নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে কার্যকরী ও কঠোর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান। একই সাথে কিশোরদের সুস্থ ধারার মানসিক বিকাশের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বৃদ্ধি এবং প্রতিটি পরিবারে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। ছবি সংগৃহীত।


