স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক, বিশিষ্ট দন্ত চিকিৎসক, বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবক ডাক্তার ইয়াকুব আলী মোল্লার সহধর্মিণী মিসেস আম্বিয়া পারভীন আর নেই। আজ মঙ্গলবার (১২ মে) ভোর ৩টা ৩০ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, মিসেস আম্বিয়া পারভীন বিগত এক সপ্তাহেরও বেশি সময় ধরে গুরুতর অসুস্থ অবস্থায় যশোর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। দীর্ঘ লড়াই শেষে আজ ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমা আম্বিয়া পারভীন যশোরের বিশিষ্ট গুণীজন ডাক্তার ইয়াকুব আলীর সহধর্মিণী। ডাক্তার ইয়াকুব আলী কেবল একজন চিকিৎসকই নন, তিনি একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা এবং যশোর ২৫০ শয্যা হাসপাতালের সাবেক সুপারিনটেনডেন্ট হিসেবে অত্যন্ত সুনাম ও শ্রদ্ধার সাথে দায়িত্ব পালন করেছেন।
মরহুমার জানাজা নামাজ আজ বাদ আসর বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
একজন গুণী ব্যক্তিত্বের জীবনসঙ্গিনীর এই অকাল প্রয়াণে যশোর ও চিতলমারী এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং চিকিৎসক সমাজের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। ছবি সংগৃহীত।


