চলতি মাসেই সম্প্রসারিত হতে পারে মন্ত্রিসভা : আলোচনায় পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য বি এম মোশাররফ হোসেন

চলতি মাসেই সম্প্রসারিত হতে পারে মন্ত্রিসভা : আলোচনায় পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য বি এম মোশাররফ হোসেন

স্ফুলিঙ্গ ডেক্স :

প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনয়ন এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে খুব শিগগিরই মন্ত্রিসভায় নতুন পাঁচজন সদস্য যুক্ত হতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে, এই সম্প্রসারণ প্রক্রিয়ায় একজন টেকনোক্র্যাট সদস্যও অন্তর্ভুক্ত থাকতে পারেন। একই সময়ে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীদের কাজের ভার কমাতে দফতর পুনর্বণ্টনের সিদ্ধান্তও আসতে যাচ্ছে।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ের প্রশাসনিক ও রাজনৈতিক চাপ কমিয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। রাজনৈতিক ভারসাম্য ও কর্মদক্ষতার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন মুখ নির্বাচনের কাজ চলছে। ধারণা করা হচ্ছে, চলতি মাসের মধ্যেই মন্ত্রিসভার এই নতুন সদস্যরা শপথ নিতে পারেন এবং সেই সাথে কৃষি, প্রাণিসম্পদ, বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের দফতরগুলোতে রদবদল আসতে পারে।

নতুন মন্ত্রী হিসেবে বর্তমানে পাঁচজনের নাম রাজনৈতিক মহলে বেশ জোরেশোরে শোনা যাচ্ছে। এদের মধ্যে অন্যতম হলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য বি এম মোশাররফ হোসেন। এছাড়া টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমান।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে জয়ের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে নতুন সরকার গঠিত হয়েছিল। প্রশাসনের কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা ও গতি আনতে তিন মাসের মাথায় মন্ত্রিসভার এই সম্প্রসারণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বর্তমানে পুরো প্রক্রিয়াটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *