নিজস্ব প্রতিবেদক :
খুলনার ডুমুরিয়ায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আকাশ সরকার (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার (৮ মে) ডুমুরিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আকাশ একই এলাকার পঞ্চানন সরকারের ছেলে এবং সম্পর্কে ভিকটিমের প্রতিবেশী চাচা।
ঘটনার বিবরণী থেকে জানা যায়, ডুমুরিয়া থানাধীন চিংড়া এলাকার বাসিন্দা বিশ্বজিৎ সরকারের মেয়েকে (ছদ্মনাম প্রিয়াংকা) দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল প্রতিবেশী আকাশ সরকার। গত ১৫ মার্চ সকালে কিশোরীর মা-বাবা বাড়িতে না থাকার সুযোগে ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে আকাশ। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে সে চলে যায়। লোকলজ্জার ভয়ে পরিবারটি তখন বিষয়টি গোপন রাখলেও গত ২০ এপ্রিল আবারো ওই কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টা করে অভিযুক্ত যুবক।
এ ঘটনায় কিশোরীর মা ইতিকা সরকার খুলনা পিবিআই পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পিবিআইয়ের ছায়া তদন্তে প্রাথমিক সত্যতা মেলায় ডুমুরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়। মামলাটি পিবিআই স্ব-উদ্যোগে তদন্তভার গ্রহণ করে।
পিবিআই প্রধান অ্যাডিশনাল আইজিপি মোঃ মোস্তফা কামালের দিক-নির্দেশনায় এবং খুলনা জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা এর নেতৃত্বে একটি চৌকস দল অভিযান চালিয়ে আসামিকে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারের পর আসামিকে আদালতে সোপর্দ করা হলে সে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দী প্রদান করেছে। বর্তমানে মামলাটির অধিকতর তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।


