স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরে নিজ পরিবারের সদস্যদের বিরুদ্ধে জমি ও কবরস্থান দখল, মাছ চুরি এবং দীর্ঘদিনের নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন আফরোজা আক্তার নামে এক নারী। বুধবার (৬ মে) দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে আফরোজা আক্তার লিখিত বক্তব্যে জানান, তার ভাইপো ও কেন্দ্রীয় বিএনপির সদস্য মহসিন কবীরের নেতৃত্বে তার আপন ভাই রুহুল আমিন, সামছুজ্জামান খোকন এবং ডেন্টিস্ট ডা. নাসিম জামান রিফাতসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য তাকে ও তার পরিবারকে ধারাবাহিকভাবে নির্যাতন করে আসছেন। তিনি দাবি করেন, অভিযুক্তরা কেবল তার জমি ও পুকুর দখলই করেনি, বরং তার মা ও সন্তানের কবর পর্যন্ত দখল করে নিয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য প্রশাসনের ওপর প্রভাব বিস্তার করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
আফরোজা আক্তার আরও বলেন, গত বছরের ২৮ ডিসেম্বর বিরোধ মেটাতে গিয়ে তিনি উল্টো অপমানিত হয়ে ফিরে আসেন এবং পরবর্তীতে তার পুকুরের মাছ চুরি করা হয়। এসব ঘটনায় থানায় অভিযোগ দিলেও তিনি সঠিক বিচার পাননি বলে দাবি করেন। সংবাদ সম্মেলনে তিনি নিজের দাবির পক্ষে অডিও-ভিডিও ক্লিপ, জিডি ও মামলার নথিপত্র এবং পুকুর লিজের চুক্তিপত্র সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন। এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ছবি সংগৃহীত।


