মোঃ মাসুদ রানা, (কালীগঞ্জ);
ঝিনাইদহের কালীগঞ্জে বিষধর সাপের কামড়ে ইমরান হোসেন (২৭) নামে এক মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ত্রিলোচনপুর গ্রামের খালেক বিশ্বাসের ছেলে।
রোববার দিবাগত রাত প্রায় ১টার দিকে বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে ঘর থেকে বাইরে বের হন ইমরান। এ সময় একটি বিষধর সাপ তার ডান পায়ে কামড় দেয়। তার চিৎকারে পরিবারের সদস্যরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তবে সেখানে প্রয়োজনীয় এন্টিভেনম না থাকায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান। পরে সেখানে নেওয়ার পর রাত প্রায় ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের মামা খলিলুর রহমান জানান, বিদ্যুৎ না থাকায় গরমের কারণে বাইরে বের হওয়ায় এ দুর্ঘটনা ঘটে। দ্রুত চিকিৎসার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বাস্থ্যসেবার অব্যবস্থা, বিশেষ করে জরুরি এন্টিভেনম সংকট নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।


