স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহরের কাজীপাড়া এলাকায় চুরির ঘটনায় মামলা দায়েরের মাত্র এক ঘণ্টার মধ্যেই দুর্ধর্ষ চোর শাহিন ইসলাম শামীম ওরফে ‘স্পাইডার শামীম’কে (৩২) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে চুরি হওয়া প্রায় ২ লাখ ৩৭ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।
মামলার বাদী নুসরাত নাজনীন গত ১২ ফেব্রুয়ারি উন্নত চিকিৎসার জন্য সপরিবারে ঢাকায় যান। ২৮ ফেব্রুয়ারি দুপুরে বাসায় ফিরে দেখেন, মেইন গেটের গ্রিল কেটে এবং ঘরের তালা ভেঙে আলমারি থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি করে নিয়ে গেছে অজ্ঞাতনামা চোরেরা। আজ ২৫ এপ্রিল (শনিবার) তিনি কোতোয়ালি থানায় মামলা দায়ের করলে এর তদন্তভার দেওয়া হয় ডিবি পুলিশের এসআই অলক কুমার দে, পিপিএম-এর উপর।
তদন্তভার গ্রহণের মাত্র এক ঘণ্টার মাথায় ডিবি পুলিশের একটি চৌকস টিম সিসিটিভি ফুটেজ ও আধুনিক প্রযুক্তির সহায়তায় চোর শনাক্ত করে। পরে শেখহাটি বাবলাতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে ‘স্পাইডার শামীম’কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শামীম সিসিটিভি ফুটেজ দেখে নিজের সম্পৃক্ততা স্বীকার করেন এবং তাঁর ভাড়া বাসায় লুকিয়ে রাখা স্বর্ণালঙ্কারের সন্ধান দেন।
আসামীর শয়নকক্ষের আলমারির ওপর রাখা একটি ওষুধের কৌটার ভেতর থেকে উদ্ধার করা হয় একজোড়া ২১ ক্যারেটের কমল চেইন (ওজন ৮ আনা ১ পয়েন্ট), যার বাজারমূল্য প্রায় ১,১৮,০৮০ টাকা,একজোড়া ২১ ক্যারেটের ঝুমকা পাশা কানের দুল (ওজন ৮ আনা ৪ পয়েন্ট), যার বাজারমূল্য প্রায় ১,১৮,৮১৭ টাকা।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত শাহিন ইসলাম শামীম ওরফে স্পাইডার শামীম মূলত পুলিশের বাসা টার্গেট করে চুরি করত। তিনি শহরের শংকরপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে। তাঁর বিরুদ্ধে আগে থেকেই দুটি চুরির মামলা রয়েছে।
যশোর ডিবির এসআই অলক কুমার দে জানান, আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ছবি সংগৃহীত।

