মনিরামপুর প্রতিনিধি :
যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা এলাকায় প্রচণ্ড গরমের মধ্যে ধান বহনের কাজ করার সময় মান্নান শেখ (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মান্নান শেখ উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত হাতেম শেখের ছেলে। শনিবার (২৫ এপ্রিল) সকালে হানুয়ার মাঠে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কোমলপুর গ্রামের সামাদ হোসেন তাঁর জমির পাকা ধান ঘরে তোলার জন্য রাজগঞ্জ বাজার থেকে চারজন শ্রমিক নিয়ে আসেন। তীব্র গরম উপেক্ষা করে ভোর থেকেই তাঁরা মাঠে কাজ শুরু করেন। সকাল ১০টার দিকে জমির মালিক তাঁদের বিশ্রামের পরামর্শ দিলেও শ্রমিকরা আরও এক দফা ধান বহন করে বিরতি নেবেন বলে জানান।
কাজের একপর্যায়ে ধানের আটি বহন করার সময় একটি সীমানা খুঁটির সাথে আটকে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলেন মান্নান শেখ। অতিরিক্ত শারীরিক চাপ ও তীব্র গরমে তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাঁর কাছে ছুটে গেলেও ঘটনাস্থলেই তিনি নিস্তেজ হয়ে পড়েন।
সহকর্মী শ্রমিক মোস্তফা ও রফিকুল জানান, প্রচণ্ড গরমে দীর্ঘ সময় রোদে কাজ করার ফলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়দের ধারণা, অতিরিক্ত গরমে শরীরিক চাপের কারণে তিনি ‘হিট স্ট্রোক’ করে মারা গেছেন।
খবর পেয়ে বেলা ১১টার দিকে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ নিজ গ্রামে নিয়ে যান। জীবিকার তাগিদে কাজে এসে চিরতরে চলে যাওয়ায় নিহতের পরিবারে বইছে শোকের মাতম। স্থানীয়রা এই তীব্র গরমে মাঠে কাজ করা শ্রমিকদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।ছবি সংগৃহীত।


