স্ফুলিঙ্গ ডেক্স :
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) পিএইচডি শিক্ষার্থী বাংলাদেশি তরুণ জামিল আহমেদ লিমনের (২৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ১০ দিন পর হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছ থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় লিমনেরই রুমমেট হিশাম আবুঘরবেহকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৭ এপ্রিল জামিল লিমন ও তাঁর সহপাঠী নাহিদা সুলতানা বৃষ্টি রহস্যজনকভাবে নিখোঁজ হন। পুলিশি তদন্তে জানা যায়, লিমনের রুমমেট হিশাম লিমনের ওপর অমানুষিক নির্যাতন চালিয়ে তাঁকে হত্যা করে এবং প্রমাণ লোপাটের জন্য মরদেহ ব্রিজের কাছে ফেলে দিয়ে আসে। হিশাম ওই বিশ্ববিদ্যালয়েরই সাবেক ছাত্র। তাঁর বিরুদ্ধে মরদেহ লুকানো, প্রমাণ নষ্ট করা এবং পারিবারিক সহিংসতার মতো ৬টি গুরুতর অভিযোগ আনা হয়েছে।
লিমনের মরদেহ পাওয়া গেলেও একই দিন নিখোঁজ হওয়া অন্য বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির এখনো কোনো খোঁজ মেলেনি। পুলিশ হিশামকে রিমান্ডে নিয়ে বৃষ্টির অবস্থান জানার চেষ্টা করছে। লিমনের মতো একজন মেধাবী গবেষকের এমন মর্মান্তিক মৃত্যুতে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটি ও তাঁর জন্মস্থান বাংলাদেশে শোকের ছায়া নেমে এসেছে।
ছবি সংগৃহীত।
সূত্র-আন্তর্জাতিক সংবাদ সংস্থা


