গোয়ালদা গ্রামে ফাঁকা মাঠে পড়ে ছিল ফুটফুটে নবজাতক

গোয়ালদা গ্রামে ফাঁকা মাঠে পড়ে ছিল ফুটফুটে নবজাতক

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের গোয়ালদা গ্রামে রাস্তার ধার থেকে অজ্ঞাতনামা এক নবজাতক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে জামতলা এলাকার একটি ফাঁকা মাঠের পাশে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৬টার দিকে কৃষকরা মাঠে যাওয়ার সময় জামতলা মোড় সংলগ্ন রাস্তার পাশে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি নবজাতককে পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে তারা বুঝতে পারেন শিশুটি মৃত। মুহূর্তের মধ্যেই এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ সেখানে ভিড় করেন।

খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, উদ্ধার হওয়া নবজাতকটির বয়স আনুমানিক একদিন। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে কে বা কারা মৃত অবস্থায় শিশুটিকে সেখানে ফেলে রেখে গেছে।

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ঘটনার পেছনে কারা জড়িত এবং কেন শিশুটিকে এভাবে ফেলে যাওয়া হলো, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *