স্ফুলিঙ্গ ডেক্স : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় দোষীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৪ দফা দাবি জানিয়েছে ইন্টার্ন চিকিৎসকরা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এসব দাবি বাস্তবায়ন না হলে সারা দেশে একযোগে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে ঢামেক হাসপাতালের প্রশাসনিক ব্লকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। ঢাকা মেডিকেল ইন্টার্ন ডাক্তার সোসাইটির সাধারণ সম্পাদক ডা. নাবিল বিন কাশেম জানান, গত বুধবারের হামলার ঘটনায় গঠিত ৬ সদস্যের তদন্ত কমিটির রিপোর্টের সাথে তাদের দাবিগুলোও সুপারিশ করা হয়েছে। এখন সরকারের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
৪ দফা দাবিগুলো হলো:
১. হামলায় জড়িত দুষ্কৃতকারীদের অবিলম্বে শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
২. ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জড়িতদের নাম-পরিচয় প্রকাশ করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
৩. ভবিষ্যতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা।
৪. হাসপাতালের জরুরি বিভাগে সার্বক্ষণিক সশস্ত্র পুলিশ মোতায়েন নিশ্চিত করা।
দেশব্যাপী কর্মবিরতির হুমকি
ইন্টার্ন চিকিৎসক নেতারা জানান, শুধু ঢাকা মেডিকেলেই নয়, গত বুধবার দিনাজপুর মেডিকেলেও চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। একের পর এক হামলার ঘটনায় চিকিৎসকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ৪ দফা দাবি বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি না হলে সারা দেশের সকল হাসপাতালে একযোগে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে চিকিৎসায় হয়রানির অভিযোগ তুলে ঢামেক চিকিৎসকদের ওপর হামলা চালান বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়, হাসপাতাল ও পুলিশের সমন্বয়ে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
ফাইল ছবি


