স্ফুলিঙ্গ ডেক্স :
রাজধানীর ব্যস্ততম মতিঝিল মেট্রো রেল স্টেশনের নিচের অংশ থেকে একটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার (২৪ জুলাই ২০২৬) সন্ধ্যার পর মেট্রো স্টেশনের নিচে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি ছাতার ভেতর থেকে উদ্ধার হওয়া এই বোমাটি পরবর্তীতে নিরাপদে নিষ্ক্রিয় করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে মতিঝিল মেট্রো স্টেশনের নিচের অংশে একটি ছাতার ভেতরে লাল বা মিটমিটে আলো জ্বলতে দেখেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। বিষয়টি অস্বাভাবিক মনে হলে তাৎক্ষণিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা মতিঝিল থানায় বিষয়টি অবহিত করেন।
সংবাদ পাওয়ার পরপরই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে তলব করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, খবর পেয়ে পুলিশের একটি দল সাথে সাথে ঘটনাস্থলে যায়। বোম্ব ডিসপোজাল ইউনিটের বিশেষজ্ঞ সদস্যরা পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে নিশ্চিত হন যে, ছাতাটির ভেতরে থাকা বস্তুটি মূলত একটি কার্যকর বোমা।
তিনি আরও জানান, পরবর্তীতে এক্সপার্ট টিমের দীর্ঘ প্রচেষ্টায় কোনো প্রকার হতাহত বা ক্ষয়ক্ষতি ছাড়াই সফলভাবে বোমাটি নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে। জনবহুল এই এলাকায় কে বা কারা কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ছবি সংগৃহীত।

