ডাঃ কেরামত আলী, কালিগঞ্জ (সাতক্ষীরা):
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য গড়ব, আগামীর শুদ্ধতা নিশ্চিত করব”— এই অঙ্গীকারকে ধারণ করে সাতক্ষীরার কালিগঞ্জে শিক্ষার্থীদের মাঝে দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরি ও নৈতিকতা চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতা–২০২৬-এর শুভ সূচনা হয়েছে।
আজ মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) সকাল ১০টায় উপজেলার বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ ব্যানার ও বাস্তবায়নে এই প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার প্রথম পর্বের বিতর্কের মূল প্রতিপাদ্য নির্ধারিত ছিল— “দুর্নীতির মাত্রা কমানো সম্ভব, সমূলে উৎপাটন অসম্ভব।” নির্ধারিত বিষয়ের ওপর ভিত্তি করে অংশগ্রহণকারী খুদে তাত্ত্বিকরা বাস্তব জীবনের নানা উদাহরণের পাশাপাশি সমৃদ্ধ তথ্য ও অখণ্ড যুক্তি উপস্থাপন করে পক্ষে-বিপক্ষে তুমুল তর্কযুদ্ধে মেতে ওঠে। শিক্ষার্থীদের এমন চমৎকার বিশ্লেষণাত্নক উপস্থাপনা উপস্থিত বিচারকমণ্ডলীসহ পুরো দর্শকশ্রোতাকে অভিভূত করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত মিলন সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মণ্ডল, কালিগঞ্জ মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু এবং স্বাগতিক বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান।
এছাড়াও আয়োজনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান, সহ-সভাপতি অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, নির্বাহী সদস্য কনিকা সরকার, সুমা বিশ্বাস, ইলাদেবী মল্লিকসহ কমিটির সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক ও এলাকার সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা জোর দিয়ে বলেন, একটি স্বচ্ছ, সুশাসিত ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে তরুণ সমাজই প্রধান চালিকাশক্তি। শিক্ষার্থীদের মধ্যে যদি শৈশব থেকেই সততা, দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধের সঠিক চর্চা ছড়িয়ে দেওয়া যায়, তবে ভবিষ্যতে যেকোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যৎ প্রজন্মকে মেধা, নৈতিকতা ও দায়িত্বশীলতায় আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার এই ধারাবাহিক প্রয়াস অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে কালিগঞ্জ উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এই বিতর্ক ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে। ছবি সংগৃহীত।


