সিপিপি’র টিম লিডার রফিকুল মৃধা ও আবুল বাশারসহ প্রয়াতদের স্মরণে অফিসার্স ক্লাবে বিশেষ মোনাজাত

সিপিপি’র টিম লিডার রফিকুল মৃধা ও আবুল বাশারসহ প্রয়াতদের স্মরণে অফিসার্স ক্লাবে বিশেষ মোনাজাত

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় উপকূলীয় অঞ্চলের দুর্যোগ মোকাবিলার অগ্রদূত, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)-এর সদ্যপ্রয়াত টিম লিডার মো. রফিকুল ইসলাম মৃধা ও মো. আবুল বাশার তালুকদারসহ প্রয়াত সকল সিপিপি স্বেচ্ছাসেবকদের রুহের মাগফিরাত কামনায় এক আবেগঘন স্মরণসভা, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) কলাপাড়া উপজেলার উদ্যোগে আজ শনিবার (১১ জুলাই ২০২৬) বেলা ১১টায় কলাপাড়া অফিসার্স ক্লাব মিলনায়তনে এই  বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

টিয়াখালী ইউনিয়ন সিপিপি’র টিম লিডার এবং কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম মোশারেফ হোসেন মিন্টুর সভাপতিত্বে আয়োজিত এই স্মরণসভায় প্রয়াত দুর্যোগ যোদ্ধাদের কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এবং স্মৃতিচারণ করেন সিপিপি’র সহকারী পরিচালক আলহাজ্ব মো. আসাদুজ্জামান খান, কলাপাড়া উপজেলা সিপিপি’র টিম লিডার আব্দুল মোতালেব ফকির, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, সিপিপি’র কমিউনিটি প্রশিক্ষক শহিদুল ইসলাম তালুকদার এবং আবু তালেব ইভান মাতুব্বর প্রমুখ। অনুষ্ঠানে কলাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের সিপিপি’র বিপুল সংখ্যক পুরুষ ও নারী স্বেচ্ছাসেবক এবং প্রয়াতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

স্মরণসভায় বক্তারা উপকূলের মানুষের জানমাল রক্ষায় প্রয়াত টিম লিডার রফিকুল ইসলাম মৃধা ও আবুল বাশার তালুকদারসহ অন্যান্য স্বেচ্ছাসেবকদের নিঃস্বার্থ আত্মত্যাগ ও সাহসিকতার কথা স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা বলেন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগে যখন সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটে, তখন সিপিপি’র এই অকুতোভয় স্বেচ্ছাসেবকেরা নিজেদের জীবনের তোয়াক্কা না করে মানবসেবায় মাঠে নেমে পড়েন। তাঁদের এই অবদান কলাপাড়ার মানুষ চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

আলোচনা সভা শেষে প্রয়াত সকল সিপিপি স্বেচ্ছাসেবকের আত্মার শান্তি ও রুহের মাগফিরাত কামনা করে এবং তাঁদের পরিবারবর্গের ধৈর্যের তাওফিক চেয়ে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে অংশ নেওয়া সহকর্মী ও স্বজনদের কান্নায় এ সময় অফিসার্স ক্লাব মিলনায়তনে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *