১২ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে বাঁচলেন ১২ জেলে : নিখোঁজ ২

১২ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে বাঁচলেন ১২ জেলে : নিখোঁজ ২

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে হঠাৎ ধেয়ে আসা প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ১২ জন জেলে দীর্ঘ ১২ ঘণ্টা সাগরের উত্তাল ঢেউয়ের সাথে মরণপণ যুদ্ধ করে অলৌকিকভাবে প্রাণে বাঁচলেও, এখনও নিখোঁজ রয়েছেন ২ জেলে। গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন গভীর সাগরে এই মর্মান্তিক ট্রলার ডুবির ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারটি পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দর থেকে গভীর সাগরে মাছ ধরার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছিল। নিখোঁজ জেলেরা হলেন—কালাম (৫৫) এবং শহীদ (৫৭)।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুলাল মাঝির মালিকানাধীন ট্রলারটি গভীর সাগরে অবস্থান করছিল। মঙ্গলবার বিকেল ৪টার দিকে বৈরী আবহাওয়ার কারণে ট্রলারটি মহিপুর মৎস্য বন্দরে ফিরে আসার জন্য রওনা দেয়। এ সময় হঠাৎ করেই সাগরে তীব্র ঝড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের সৃষ্টি হয়। প্রচণ্ড ঢেউয়ের আঘাতে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর সাগরে উল্টে যায়।

উদ্ধার হওয়া জেলেরা জানান, ট্রলারটি যখন উল্টে যায়, তখন কালাম ও শহীদ কেবিনের ভেতরে থাকায় মুহূর্তের মধ্যে তারা ভেতরেই তলিয়ে যান। কোনো উপায় না পেয়ে ট্রলারে থাকা মাঝিসহ বাকি ১২ জেলে উত্তাল সাগরের বুকেই ভাসতে থাকেন। মঙ্গলবার বিকেল থেকে শুরু করে বুধবার ভোররাত পর্যন্ত—দীর্ঘ প্রায় ১২ ঘণ্টা মৃত্যুর সাথে লড়াই করার পর, বুধবার ভোরে ওই এলাকা দিয়ে যাওয়া অন্য একটি ট্রলারের মাঝিমাল্লারা তাদের দেখতে পান এবং জীবিত উদ্ধার করতে সক্ষম হন।

উদ্ধারকৃতরা হলেন—দুলাল মাঝি, কামাল (৩৫), মনির (৩৮), ইমরান (২৫), জামাল (৩৫) এবং শামীম (৩২) সহ মোট ১২ জন। এদের প্রত্যেকের বাড়ি বরগুনা জেলার তালতলী উপজেলার নিদ্রা সকিনা এলাকায়। নিখোঁজ দুই জেলেকে উদ্ধারের জন্য স্থানীয় জেলেদের কয়েকটি দল সাগরে তল্লাশি চালাচ্ছে। তবে সাগর প্রচণ্ড উত্তাল থাকায় উদ্ধারকাজে তীব্র বেগ পেতে হচ্ছে। স্বজনদের আকুল আর্তনাতে মৎস্য বন্দর আলীপুর-মহিপুরের উপকূলীয় এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

এদিকে আলীপুর-মহিপুর মৎস্য বন্দরের আড়তদার ও জেলেদের সুত্রে জানা গেছে, বৈরী আবহাওয়ার মাঝে সমুদ্রে মাছ শিকারে গিয়ে আরও বেশ কিছু ট্রলার নিখোঁজ বা ডুবির ঘটনা ঘটেছে। কুয়াকাটা উপকূলের জেলেদের একটি সূত্র দাবি করেছে, সমুদ্রে একাধিক মরদেহ ভাসমান অবস্থায় দেখা গেছে। এর আগে গত মঙ্গলবার কুয়াকাটা সৈকতের গঙ্গামতি এলাকা থেকে ১টি অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হাওলাদার জানান, সাগরে ট্রলার ডুবি বা জেলে নিখোঁজের বিষয়ে এখন পর্যন্ত থানায় আনুষ্ঠানিকভাবে কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। তবে পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান জানান, বৈরী আবহাওয়ার কারণে বেশ কিছু ট্রলার ডুবির খবর পাওয়া গেছে। নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ড সাগরে সার্বক্ষণিক অভিযান পরিচালনা করছে এবং উপজেলা প্রশাসন কোস্টগার্ড ও জেলে সমিতির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছে। ছবি পাঠিয়েছেন বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *