বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
“করলে জাটকা সংরক্ষণ, বাড়বে ইলিশের উৎপাদন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ, সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা ও মৎস্য সম্পদ সংরক্ষণের দাবিতে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির আয়োজনে আজ বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) বেলা সাড়ে ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশ শেষে বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
সমাবেশে উপজেলার শত শত ক্ষুদ্র মৎস্যজীবী ও সাধারণ জেলেরা অংশ নেন। ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি রফিকুল ইসলাম মৃধার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, স্থানীয় জেলে রুহুল আমিন, মো. আলামিন প্রমুখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, এক শ্রেণীর অসাধু চক্র সাগরে অবৈধ ট্রলিং বোট ব্যবহার করে জাটকা ও মা ইলিশসহ সামুদ্রিক জীববৈচিত্র্য ধ্বংস করছে। এতে পৈতৃক পেশায় নিয়োজিত থাকা প্রান্তিক ও ক্ষুদ্র জেলেরা চরম অর্থনৈতিক সংকটের মুখে পড়েছেন। বক্তারা সাগরে অবিলম্বে অবৈধ ট্রলিং বোট চলাচল বন্ধ করার জোর দাবি জানান। একই সাথে কলাপাড়ায় কর্মরত উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ এনে তাঁর অবিলম্বে অপসারণ দাবি করেন আন্দোলনরত জেলেরা।
সমাবেশ শেষে কলাপাড়া পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলেরা কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি পেশ করেন।
স্মারকলিপি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, “ক্ষুদ্র মৎস্যজীবীদের একটি স্মারকলিপি পেয়েছি। তাদের দাবি ও অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার জন্য এটি দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন দপ্তরে প্রেরণ করা হয়েছে।” ছবি-বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।

