যশোরের নওদাপাড়ায় থেকে ভাড়াটিয়া যুবকের লাশ উদ্ধার

যশোরের নওদাপাড়ায় থেকে ভাড়াটিয়া যুবকের লাশ উদ্ধার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের মোবারককাঠি (নওদাপাড়া) এলাকার একটি ভাড়া বাসা থেকে মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ (২৬) নামে এক যুবকের রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ রোববার (৫ জুলাই) সকালে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ওই যুবকের নিথর দেহ উদ্ধার করে। নিহত যুবক যশোর জেলার কেশবপুর উপজেলার ভালুকঘর গ্রামের হাফিজুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে যশোর শহরের মোবারককাঠি এলাকায় ডা. আ. আলীমের বহুতল ভবনের দ্বিতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে একা বসবাস করে আসছিলেন।

পরিবারের সদস্য ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২ জুলাই) রাতে যশোর শহরের শংকরপুর মেডিকেল রোড এলাকায় অবস্থিত বাবার বাসা থেকে রাতের খাবার খেয়ে ইব্রাহিম মোবারককাঠির নিজের ভাড়া বাসায় ফিরে যান। সেখানে গিয়ে তিনি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে ঘুমিয়ে পড়েন। এরপর শুক্রবার ও শনিবার দিনভর পরিবারের সদস্যরা তাঁর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। দীর্ঘ সময় ফোন রিসিভ না করায় পরিবারের মনে সন্দেহের দানা বাঁধে। আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির মালিক ও আশেপাশের লোকজন ইব্রাহিমের ঘরের সামনে গিয়ে অনেক ডাকাডাকি ও দরজায় ধাক্কাধাক্কি করেও কোনো সাড়াশব্দ পাননি। একপর্যায়ে স্থানীয়রা ঘরের জানালার ফাঁক দিয়ে দেখতে পান যে, ইব্রাহিম বিছানায় নিস্তেজ অবস্থায় পড়ে আছেন।

এমন দৃশ্য দেখে বাড়ির লোকজন তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি অবহিত করেন। খবর পাওয়ার পরপরই যশোর কোতোয়ালি থানা পুলিশের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে পুলিশ স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে ঘরের শক্ত দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং বিছানা থেকে ইব্রাহিমের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

কোতোয়ালি থানা পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে জানা গেছে, নিহতের শরীরে দৃশ্যত কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি, কিংবা ঘরে আত্মহত্যার সুস্পষ্ট কোনো আলামত বা চিরকুট মেলেনি। ফলে যুবকের এই আকস্মিক মৃত্যু নিয়ে এক ধরনের রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ ও নেপথ্যের রহস্য উদ্ঘাটন করতে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাত্র ২৬ বছর বয়সী এই যুবকের এমন আকস্মিক ও অকাল মৃত্যুতে তাঁর পরিবার এবং মোবারককাঠি এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *