যশোরে ২৪ ঘণ্টার ব্যবধানে তিন সড়ক দুর্ঘটনা : চারজন গুরুতর আহত

যশোরে ২৪ ঘণ্টার ব্যবধানে তিন সড়ক দুর্ঘটনা : চারজন গুরুতর আহত

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের সদর, কেশবপুর ও বাঘারপাড়া উপজেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও খুলনার বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত সোমবার (৮ জুন) সন্ধ্যায় যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট বড় মেঘলা এলাকায় রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাতনামা দ্রুতগামী ইজিবাইক কৃষক ইব্রাহিম খলিলকে (৬০) সজোরে ধাক্কা দেয়। এতে তিনি পাকা সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। আহত ইব্রাহিম খলিল সদর উপজেলার বড় মেঘলা গ্রামের মৃত রজব আলী মোল্লার ছেলে।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর অবস্থার দ্রুত অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করেন।

এদিকে আজ মঙ্গলবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কেশবপুর-মূলগ্রাম সড়কের হাজির পুকুরপাড় এলাকায় মোটরসাইকেল ও নসিমন-করিমনের মুখোমুখি সংঘর্ষে মফিজুর রহমান (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি কেশবপুর উপজেলার মূলগ্রামের আব্দুল লতিফের ছেলে।

মফিজুর মোটরসাইকেলযোগে মূলগ্রাম থেকে কেশবপুর বাজারের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি করিমনের সাথে তাঁর মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অপরদিকে আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে যশোর-বাঘারপাড়া সড়কের তারাগঞ্জ বাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চঞ্চল রায় (২৭) ও পারভেজ (২০) নামে দুই আরোহী আহত হন। চঞ্চল রায় যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের প্রমথ রায়ের ছেলে এবং পারভেজ বাঘারপাড়া উপজেলার দোহাকুলা গ্রামের বদিয়ার রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, চঞ্চল রায় যশোরমুখী এবং পারভেজ বাঘারপাড়ামুখী মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তারাগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুই যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয়েই গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাঁরা হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত চঞ্চল রায়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

সংশ্লিষ্ট এলাকার থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা কবলিত যানগুলো উদ্ধারের পাশাপাশি ঘটনাগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ফাইল ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *