যশোরে আবারো নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল : ধাওয়া দিয়ে ১০ জনকে আটক

যশোরে আবারো নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল : ধাওয়া দিয়ে ১০ জনকে আটক

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর শহরের ধর্মতলা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করার চেষ্টা করা হয়েছে। তবে মিছিল শুরুর পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়ায় তা ছত্রভঙ্গ হয়ে যায়। পরবর্তীতে পুলিশ তাৎক্ষণিক চিরুনি অভিযান পরিচালনা করে এই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ১০ জনকে আটক করেছে। আজ রবিবার (৭ জুন ২০২৬) বিকেলে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ধর্মতলা এলাকায় ২০ থেকে ২৫ জন যুবক আকস্মিকভাবে জড়ো হয়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলের ব্যানারে সার্বিক ব্যবস্থাপনায় ‘হাজী আলমগীর কবীর সুমন’ নামের এক ব্যক্তির নাম উল্লেখ ছিল। মিছিলের ছবি ও ভিডিও সন্ধ্যার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে জেলা পুলিশের একাধিক টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা দিকবিদিক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে ১০ জনকে আটক করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটককৃতদের বর্তমানে যশোর কোতোয়ালী থানায় নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, “নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের খবর পাওয়া মাত্রই পুলিশের একাধিক টিম ধর্মতলা এলাকায় অভিযান চালায়। ঘটনাস্থল ও তার আশপাশ থেকে জড়িত থাকার সন্দেহে তাৎক্ষণিকভাবে ১০ জনকে আটক করা হয়েছে। তদন্ত ও জিজ্ঞাসাবাদের স্বার্থে এই মুহূর্তে তাদের নাম-পরিচয় প্রকাশ করা যাচ্ছে না।” তিনি আরও বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *