সালমান শাহ হত্যার বিচারের দাবিতে ঢাকার রাজপথে যশোরের ভক্তরা

সালমান শাহ হত্যার বিচারের দাবিতে ঢাকার রাজপথে যশোরের ভক্তরা

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ হত্যা মামলার সব আসামিকে দ্রুত গ্রেফতার, সুষ্ঠু ও নিরপেক্ষ পুনঃতদন্ত এবং দৃষ্টান্তমূলক ন্যায়বিচারের দাবিতে ফের ঢাকার রাজপথে নেমেছেন তাঁর দেশজুড়ে ছড়িয়ে থাকা লাখো ভক্ত-অনুরাগী। শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সালমান শাহ ঐক্য পরিষদ’-এর ব্যানারে এক বিশাল ও দীর্ঘ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এবারের আন্দোলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি সুদৃষ্টি আকর্ষণ করে মামলার প্রকৃত অপরাধীদের অনতিবিলম্বে গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন।

জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই কেন্দ্রীয় আন্দোলনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত সালমান শাহর ভক্তরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। যুগের পর যুগ ধরে চলা এই আন্দোলনে বরাবরের মতোই যশোরের পক্ষ থেকেও সালমান ভক্তরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে ঢাকার রাজপথে অংশ নেন এবং প্রকৃত অপরাধীদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

স্মরণীয় এই মানববন্ধনে সালমান শাহর মা নীলা চৌধুরী সুদূর প্রবাস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি অংশ নিয়ে আবেগঘন বক্তব্য দেন এবং ছেলের হত্যার বিচার পাওয়ার জন্য দেশবাসীর সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে যশোরের সালমান ভক্ত ও বিশিষ্ট সাংবাদিক শিমুল ভূঁইয়া তাঁর বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, “সারাদেশের প্রতিটি জেলা, প্রতিটি উপজেলা এবং প্রতিটি প্রত্যন্ত গ্রামে সালমান শাহর কোটি কোটি ভক্ত রয়েছে। যুগের পর যুগ ধরে এই নির্মম হত্যাকাণ্ডের বিচার চেয়ে আন্দোলন চললেও খুনি ও আসামিদের গ্রেফতার না করাটা অত্যন্ত রহস্যজনক এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হচ্ছে। আমরা নতুন বাংলাদেশের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করে চূড়ান্ত বিচার প্রার্থনা করছি।” তিনি আরও যোগ করে বলেন, “মিথ্যার আড়ালে সত্যকে কখনো চিরতরে ধামাচাপা দিয়ে রাখা যায় না। সালমান শাহ বেঁচে থাকতেই তাঁর কালজয়ী চলচ্চিত্রের মাধ্যমে বাঙালি জাতিকে দেখিয়ে গেছেন—‘সত্যের মৃত্যু নেই’। আমরা বিশ্বাস করি আইনি মারপ্যাঁচ ভেদ করে সত্য একদিন উন্মোচিত হবেই।”

প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা এই রাজপথের কর্মসূচিতে সালমান ভক্ত এ. কে. এম. মোহাম্মদ আহমেদ, বিশিষ্ট সংগঠক মামুনুল ইসলামসহ অসংখ্য জেলা ও উপজেলার ভক্ত-অনুরাগীরা অংশগ্রহণ করেন।

বক্তারা গভীর আক্ষেপের সাথে বলেন, জনপ্রিয় এই চিত্রনায়কের রহস্যজনক মৃত্যুর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই স্বাধীন দেশে এখনো কাঙ্ক্ষিত বিচার নিশ্চিত হয়নি, যা চলচ্চিত্র অঙ্গনসহ কোটি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের তৈরি করেছে। মানববন্ধনে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদৃষ্টি ও জরুরি হস্তক্ষেপ কামনা করে দ্রুত মামলাটির সুষ্ঠু নিষ্পত্তির দাবি জানান। একই সঙ্গে তারা অবিলম্বে সালমান শাহর হত্যার সাথে জড়িত মূল পরিকল্পনাকারী ও মামলার সকল আসামিকে গ্রেফতার করে একটি সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের জন্য প্রশাসনের প্রতি আলটিমেটাম দেন। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *