জাকির হোসাইন (তুষার),মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার মহম্মদপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহঃ শাহনুর জামানের বদলির খবরে উপজেলাজুড়ে বিরাজ করছে আবেগঘন পরিবেশ। মাত্র কয়েক মাসের কর্মজীবনেই তিনি সাধারণ মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন।
২০২৫ সালের ০৮ ডিসেম্বর মহম্মদপুর উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন মুহঃ শাহনুর জামান। অল্প সময়ের মধ্যেই সততা, মানবিকতা ও কর্মনিষ্ঠা দিয়ে তিনি হয়ে ওঠেন সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে তিনি অর্জন করেছেন ব্যাপক জনপ্রিয়তা।
স্থানীয়রা জানান, একজন সরকারি কর্মকর্তা হয়েও তিনি ছিলেন অত্যন্ত সহজ-সরল ও মানবিক। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশগ্রহণ এবং দ্রুত প্রশাসনিক সেবা নিশ্চিত করার মাধ্যমে তিনি মানুষের মন জয় করেন। তার দরজা সাধারণ মানুষের জন্য সবসময় খোলা ছিল বলেও জানান অনেকেই।
বদলির সংবাদ ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে আবেগঘন নানা স্মৃতিচারণ করছেন স্থানীয় বাসিন্দারা। অনেকেই বলছেন, “এত অল্প সময়ে একজন কর্মকর্তা মানুষের এত কাছের হয়ে উঠতে পারেন, তা শাহনুর জামান স্যারকে না দেখলে বিশ্বাস করা কঠিন।”
স্থানীয় সচেতন মহল মনে করেন, একজন সৎ, মানবিক ও জনগণবান্ধব কর্মকর্তা হিসেবে মুহঃ শাহনুর জামান মহম্মদপুরবাসীর হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবেন।
বিদায়ের ক্ষণে মহম্মদপুরবাসীর একটাই প্রত্যাশা— যেখানেই দায়িত্ব পালন করুন না কেন, মানুষের জন্য কাজ করার এই মানবিক মানসিকতা যেন সবসময় অটুট থাকে। ছবি সংগৃহীত।

