চৌগাছা (যশোর) প্রতিনিধি:
দাদির মৃত্যুর খবর শুনে শেষবার তাকে দেখার জন্য আকুল হয়ে বাড়ি ফিরছিলেন নাতি আশরাফুল। কিন্তু নিয়তির কী নির্মম পরিহাস, বাড়ির ঠিক আধাকিলোমিটার আগে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চিরতরে নিভে গেল তার জীবনের প্রদীপ। রোববার (১৯ এপ্রিল) রাত ১১টার দিকে যশোরের চৌগাছা উপজেলার দেবুপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত আশরাফুল বকশিপুর গ্রামের মমিনুর রহমানের ছেলে। তিনি খুলনায় কর্মরত ছিলেন। পরিবারের সদস্যরা জানান, রোববার দাদি সানোয়ারা বেগম মারা যান। সেই শোক সংবাদ পেয়ে খুলনা থেকে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হন আশরাফুল। বাড়ির খুব কাছে দেবুপুর এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক জুবায়ের তাকে মৃত ঘোষণা করেন। দাদির মৃত্যুর শোক কাটতে না কাটতেই বাড়িতে পৌঁছায় নাতির নিথর দেহ। যে নাতি দাদিকে শেষবার দেখতে আসছিল, তাকেই এখন সাদা কাফনে মোড়ানো অবস্থায় দেখতে হচ্ছে স্বজনদের। এই হৃদয়বিদারক ঘটনায় বকশিপুর গ্রামজুড়ে এখন শোকের ছায়া নেমে এসেছে।ছবি সংগৃহীত।


