স্ফুলিঙ্গ ডেক্স :
রাজধানীতে ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট-সংলগ্ন লিংক রোড এলাকায় এক বিশেষ অভিযান চালিয়েছে পল্টন মডেল থানা পুলিশ। এতে বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র ও ক্ষতিকর সরঞ্জামাদিসহ চক্রের তিন সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— রবিউল ইসলাম (৪০), মো. আজাদ (৩০) এবং মো. রাজন (৩৪)।
পল্টন থানা পুলিশ জানায়, রাজধানীতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রের অবাধ বিক্রি ও সরবরাহ বন্ধে গোপন সংবাদের ভিত্তিতে এ ড্রাইভ চালানো হয়। অভিযানে চাপাতি, বড় ছুরি, সুইচ গিয়ার চাকু, কমব্যাট নাইফ, চাইনিজ কুড়াল, ব্যাটন স্টিক, ইলেকট্রিক শক গান এবং আসল আগ্নেয়াস্ত্রের আদলে তৈরি খেলনা পিস্তলসহ সর্বমোট ৪৬৪টি দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, ঢাকার বিভিন্ন এলাকার চিহ্নিত ছিনতাইকারী ও অপরাধী চক্রের সদস্যদের কাছে বিক্রি ও সরবরাহের উদ্দেশ্যেই তারা এসব বিপজ্জনক সরঞ্জাম মজুত করেছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। রাজধানীতে অপরাধ দমন ও অবৈধ অস্ত্রের বিস্তার রুখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এমন বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।ছবি সংগৃহীত।

