স্ফুলিঙ্গ ডেক্স :
সারাদেশে প্রতিটি মামলার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

বুধবার (২৯ জুলাই ২০২৬) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ভার্চুয়ালি আয়োজিত নিয়মিত মাসিক (জুন ২০২৬) অপরাধ পর্যালোচনা সভায় মাঠ পর্যায়ের ইউনিট প্রধানদের এ জরুরি নির্দেশ প্রদান করা হয়।
পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ভার্চুয়াল সভায় রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার, মেট্রোপলিটন পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), সিআইডি, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ, এপিবিএন এবং রেলওয়ে পুলিশের শীর্ষ কর্মকর্তাগণ সরাসরি যুক্ত ছিলেন। এছাড়া পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজি খোন্দকার রফিকুল ইসলাম বলেন, “সামাজিক অপরাধ যেন কোনোভাবেই বৃদ্ধি না পায়, সে বিষয়ে প্রতিটি ইউনিটের দায়িত্বপ্রাপ্তদের শতভাগ সতর্ক থাকতে হবে।” একই সাথে তিনি হত্যা, নারী ও শিশু নির্যাতন বা ধর্ষণ, ডাকাতি এবং অপহরণের মতো গুরুতর অপরাধের মামলাগুলো কোনো ধরনের দীর্ঘসূত্রতা ছাড়া অত্যন্ত নিবিড়ভাবে তদন্ত করার এবং অতি দ্রুততার সাথে তা নিষ্পত্তির ওপর বিশেষ তাগিদ দেন।
সভায় গেল জুন-২০২৬ মাসের সারাদেশের গুরুত্বপূর্ণ অপরাধচিত্র বিস্তারিত পর্যালোচনা করা হয়। একই সঙ্গে মুলতবি থাকা গ্রেপ্তারি পরোয়ানা তামিল, চাঞ্চল্যকর মামলার তদন্ত অগ্রগতি, আদালতে বিচারের ফলাফল এবং সাজাপ্রাপ্তদের সাজা কার্যকরের হার বৃদ্ধি করা নিয়ে বিস্তর আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। ফাইল ছবি সংগৃহীত।

