স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের ঐতিহ্যবাহী উপশহর ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা, চিন্তাভাবনা ও সৃজনশীল লেখনী নিয়ে তৈরি বিশেষ দেয়ালিকা ‘আবাহন’-এর শুভ মোড়ক উন্মোচন সম্পন্ন হয়েছে। যশোরের অন্যতম শীর্ষস্থানীয় সাহিত্য সংগঠন ‘বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি)’-এর বিশেষ উদ্যোগে গতকাল বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) দুপুর ১২টায় উপশহর কলেজ ক্যাম্পাসে এক আনন্দঘন পরিবেশে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্রোহী সাহিত্য পরিষদের (বিএসপি) সাবেক সভাপতি এডিএম রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেয়ালিকা ‘আবাহন’-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন উপশহর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিএম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ‘আবাহন’-এর প্রধান সম্পাদক ও বিশিষ্ট কবি অরুণ বর্মন।
বিএসপি’র সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না’র প্রাণবন্ত ও সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানে সাহিত্য ও শিক্ষাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। আমন্ত্রিত বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপশহর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কবি মঞ্জুয়ারা সোনালী, সহকারী অধ্যাপক সুজন মিয়া, প্রভাষক শামসুন নাহার জবা, প্রভাষক জাকির হোসেন মধু, ক্রীড়া শিক্ষক শ্রী নিবাস হালদার, প্রভাষক বরুন কুমার অধিকারী এবং প্রভাষক জামিল আহমেদ মুকুল। এছাড়া কবি ও সাহিত্যিকদের মধ্যে বক্তব্য রাখেন কবি বকুল হক এবং কবি শরিফুল আলম।
দেয়ালিকা উন্মোচন শেষে প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিএম মোস্তাফিজুর রহমান বলেন, “প্রতিটি শিক্ষার্থীর ভেতরেই কোনো না কোনো সুপ্ত মেধা ও প্রতিভা লুকিয়ে থাকে। কেউ চমৎকার কবিতা লেখে, কেউ গল্প বুনে, আবার কেউ ক্যানভাসে সুন্দর আঁকতে পারে। দেয়ালিকা হলো শিক্ষার্থীদের সেই সুপ্ত প্রতিভা প্রাতিষ্ঠানিক অবয়বে প্রকাশের সবচেয়ে বড় সুযোগ। বিদ্রোহী সাহিত্য পরিষদ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের চিন্তাভাবনা ও সৃজনশীলতার বিকাশ ঘটানোর যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। এজন্য আমি বিএসপি-কে আন্তরিক ধন্যবাদ জানাই। ভবিষ্যতে এরকম যেকোনো সৃষ্টিশীল ও সাহিত্যিক উদ্যোগে আমাদের কলেজের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।”
অনুষ্ঠানে বক্তারা তরুণ প্রজন্মকে মোবাইল আসক্তি এবং মাদকের কুফল থেকে দূরে রাখতে বেশি বেশি সাহিত্য ও সাংস্কৃতিক চর্চায় যুক্ত করার ওপর বিশেষ জোর দেন। দেয়ালিকা ‘আবাহন’-এ স্থান পাওয়া শিক্ষার্থীদের চমৎকার সব কবিতা, ছড়া ও ছোটগল্প উপস্থিত শিক্ষক ও সাহিত্যিকদের মাঝে বেশ প্রশংসিত হয়।ছবি সংগৃহীত।


