স্ফুলিঙ্গ রিপোর্ট :
মায়ের কবর জিয়ারত করতে গিয়ে উপার্জনের একমাত্র অবলম্বন ও শেষ সম্বল ইজিবাইকটি হারিয়ে চরম বিপাকে পড়েছেন আলীবুদ্দীন (৫০) নামে এক নিঃস্ব চালক। গতকাল শুক্রবার (২৯ মে, ২০২৬) দুপুরে যশোর শহরের ধর্মতলা কারবালা কবরস্থান এলাকায় এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। জীবিকার একমাত্র মাধ্যমটি হারিয়ে ভুক্তভোগী চালক বর্তমানে দিশেহারা হয়ে পড়েছেন। এই ঘটনায় তিনি বাদী হয়ে যশোর কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী আলীবুদ্দীন যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের সিতারামপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি শহরের বাহাদুরপুর আড়পাড়া এলাকায় সপরিবারে বসবাস করেন। পেশায় তিনি নিজেই ওই ইজিবাইকটির চালক এবং মালিক।
লিখিত অভিযোগে ভুক্তভোগী আলীবুদ্দীন জানান, প্রতিদিনের মতো গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে নিজের ডলফিন ব্র্যান্ডের ইজিবাইকটি নিয়ে তিনি জীবিকার তাগিদে এবং ভাড়া খাটানোর উদ্দেশ্যে ঘর থেকে বের হন। দুপুরের দিকে তিনি শহরের ধর্মতলা কারবালা কবরস্থান এলাকায় আসেন। সেখানে রাস্তার পাশে নিরাপদ মনে করে নিজের ইজিবাইকটি সঠিক নিয়মে তালাবদ্ধ করে রেখে ভেতরের কবরস্থানে তাঁর মরহুমা মায়ের কবর জিয়ারত করতে যান।
তিনি অভিযোগে আরও উল্লেখ করেন, জুমার নামাজের পর দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে ১টা ৪৫ মিনিটের মধ্যে কোনো এক সময়ে ধর্মতলা কারবালা মাদ্রাসার সামনে রাখা তাঁর ইজিবাইকটির তালা ভেঙে অজ্ঞাতনামা চোর বা চোরচক্র কৌশলে চুরি করে নিয়ে চম্পট দেয়। মায়ের কবর জিয়ারত ও দোয়া শেষে বাইরে ফিরে এসে আলীবুদ্দীন নির্ধারিত স্থানে নিজের ইজিবাইকটি দেখতে না পেয়ে স্তব্ধ হয়ে যান। পরবর্তীতে তিনি কারবালা মোড়সহ শহরের বিভিন্ন এলাকায় ও আত্মীয়-স্বজনের বাড়িতে সম্ভাব্য সব স্থানে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেন। তবে কোথাও তাঁর শেষ সম্বলটির কোনো সন্ধান পাননি।
ভুক্তভোগী চালক আলীবুদ্দীন জানান, যে স্থান থেকে ইজিবাইকটি চুরি হয়েছে, তার ঠিক পাশেই কারবালা মাদ্রাসা অবস্থিত। ওই মাদ্রাসার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দ্রুত সংগ্রহ করে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হলে চোরচক্রকে শনাক্ত করা এবং তাঁর সাধের ইজিবাইকটি উদ্ধার করা সম্ভব হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এদিকে কোতোয়ালী মডেল থানা পুলিশ চুরির লিখিত অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছে। দায়িত্বরত পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে আমলে নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে চোরদের গ্রেপ্তার ও ইজিবাইকটি উদ্ধারে পুলিশের একটি টিম মাঠে কাজ করছে। ছবি সংগৃহীত।


