যশোরে চালক আব্দুর রহমানকে খুন করে তেল লুটের ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪

যশোরে চালক আব্দুর রহমানকে খুন করে তেল লুটের ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪

মাগুরা প্রতিনিধি :

মাগুরায় ১৯ লাখ টাকা মূল্যের ৬০ ব্যারেল ভোজ্যতেল ভর্তি ট্রাক ছিনতাই ও চালক হত্যার ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত ভোজ্যতেলের বড় একটি অংশ। সোমবার (২৫ মে) দুপুরে মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ১৬ মে ঢাকার “মেসার্স মহামায়া ট্রেডার্স”-এর মালিক গোপাল সাহা ৬০ ব্যারেল ভোজ্যতেল বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-১০৩৬) মাগুরার উদ্দেশ্যে পাঠান। ট্রাকটির চালক ছিলেন আব্দুর রহমান (৫৮)। তিনি যশোর সদর উপজেলার রাজারহাট এলাকার মৃত ইব্রাহিম কাজীর ছেলে।
পরে নির্ধারিত সময়ে ট্রাকটি গন্তব্যে না পৌঁছালে মালিকপক্ষ চালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর গত ২০ মে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কোলা বাজার এলাকায় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকের ভেতর থেকে চালক আব্দুর অন্তর রহমানের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

পুলিশ সুপার জানান, ঘটনার তদন্তে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও বিভিন্ন থানা পুলিশের সমন্বয়ে অভিযান চালানো হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের মৃত কুদ্দুস মোল্যার ছেলে আজাদ হোসেন ওরফে হিটলার (২৭)-কে গ্রেপ্তার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিনজনকে আটক করা হয়। তারা হলেন, মাগুরা সদর উপজেলার জাগলা গ্রামের হাজারী লাল সাহার ছেলে বিকাশ সাহা (৩০), রাতইলের পাড়া বাজার এলাকার মৃত ইসমাইল মোল্যার ছেলে কুদ্দুস মোল্যা (৫০) এবং মুনশির পাড়া এলাকার লোকমান মোল্যার ছেলে হারুন অর রশিদ (৪৮)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩৬ ব্যারেল ভোজ্যতেল, খালি ব্যারেল ৭টি ও নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ট্রাক ছিনতাই ও চালক হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *