স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহরের মুড়লী শংকরপুর সন্ন্যাসী দিঘীরপাড় এলাকায় অবস্থিত ইফাদ অটোজ পিএলসি’র ডেলিভারি ইয়ার্ডে ঢুকে মালামাল চুরির চেষ্টা এবং বাধা দেওয়ায় কর্মকর্তাকে মারপিট ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী নীলফামারী সদর উপজেলার জয়চন্ডীস্বরূপ পাড়া গ্রামের বাসিন্দা ও বর্তমানে যশোরের ইফাদ অটোজ পিএলসি’র ডেলিভারি ইয়ার্ডের অ্যাকাউন্টস ভ্যাট অফিসার বিকাশ রায়। মামলায় সাবেক দুই কর্মচারী আনিছুর রহমান ও ফয়সাল মাহমুদকে আসামি করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়, আসামিরা কোম্পানির চাকরিতে থাকা অবস্থায় নিয়মবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের চাকরিচ্যুত করা হয়। এরপর থেকেই তারা কোম্পানি ও কর্মকর্তাদের ক্ষতি করার চেষ্টা করে আসছিল।
গত ১৮ মে দুপুর পৌনে ১টার দিকে তারা ডেলিভারি ইয়ার্ডে ঢুকে মালামাল চুরির চেষ্টা করলে কর্মকর্তা-কর্মচারীরা বাধা দেন। এ সময় আসামিরা বিকাশ রায়সহ অন্যদের এলোপাতাড়ি মারপিট করে। স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা খুন-জখমের হুমকি দিয়ে চলে যায়।
পরে আহত বিকাশ রায়কে অফিস সহকারী নাদিম রেজার মোটরসাইকেলে করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে বিকাল ৩টার দিকে শংকরপুর জিডিএল হাসপাতালের সামনে আবারও হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেলের গতিরোধ করে বিকাশ রায়কে নামিয়ে মারপিট করা হয়। এ সময় আনিছুর রহমান ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ দেয় এবং ফয়সাল মাহমুদ তার পকেটে থাকা নগদ ১৭ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়।
পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত বিকাশ রায়কে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফাইল ছবি।


