মাগুরায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদের সাথে প্রেস ব্রিফিং

মাগুরায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদের সাথে প্রেস ব্রিফিং

মাগুরা প্রতিনিধি:

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের ৩১ দফা বাস্তবায়ন এবং প্রধানমন্ত্রীর ঘোষিত অগ্রাধিকারমূলক কর্মসূচির প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাগুরায় গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার(১৩মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের আয়োজনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ। এসময় জেলা সিভিল সার্জন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, জেলা বন কর্মকর্তা, মাগুরা প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদকসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তুলে ধরা হয়। এর মধ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রম, খাল খনন ও পুনঃখনন, বৃক্ষরোপণ, নারীদের জন্য বিশেষ পরিবহন সুবিধা, কৃষক কার্ড বিতরণ এবং কৃষি ঋণ মওকুফ কর্মসূচি উল্লেখযোগ্য।

জেলা প্রশাসক বলেন, সরকারের এসব উদ্যোগ সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ বিষয়ে জনগণকে সচেতন করতে গণমাধ্যমের সহযোগিতা অপরিহার্য।

এছাড়া ডেপুটি কমিশনার (ডিসি) সম্মেলনে গৃহীত ৪৯৮টি বাছাইকৃত প্রস্তাবের মধ্যে মাগুরা জেলার পক্ষ থেকে ৩২টি প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানানো হয়। এসব প্রস্তাবের মধ্যে শিশু ও গণশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ, পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী শিল্পে ঋণ সহায়তা, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে প্রেস কাউন্সিলের সহযোগিতা, ভূমি ব্যবস্থাপনায় প্রশাসনিক জটিলতা নিরসন, মেডিকেল কলেজ, বিসিক শিল্পনগরী এবং স্থানীয় সরকার উন্নয়নে জেলাভিত্তিক মাস্টারপ্ল্যান প্রণয়নের বিষয়গুলো গুরুত্ব পায়।
প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণকারী কর্মকর্তারা আশা প্রকাশ করেন, সরকারের অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টা মাগুরার সামগ্রিক উন্নয়নকে আরও গতিশীল করবে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *