স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের সীমান্তবর্তী এলাকায় মাদক এবং চোরাচালান বিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ০৩ জুন ২০২৬ তারিখে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি চৌকস বিশেষ টহলদল, বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় এই সফল অভিযান পরিচালনা করে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত মালামালগুলোর মধ্যে রয়েছে ভারতীয় ৫০ বোতল মারাত্মক নেশাজাতীয় সিরাপ, ১৬টি উন্নত মানের শাড়ী, ০১টি কম্বল, ০৭টি জর্দ্দা, ১০ প্যাকেট ফুসকা, ১২০টি চকলেট এবং ৩৪০টি ভারতীয় কসমেটিক্স সামগ্রী। সীমান্ত গলিয়ে অবৈধভাবে বাংলাদেশে পাচারের সময় বিজিবির বিশেষ নজরে আসায় এই মালামালগুলো হাতেনাতে জব্দ করা হয়, যার আনুমানিক মোট বাজারমূল্য প্রায় ৩,১৯,৪০০/- (তিন লক্ষ ঊনিশ হাজার চারশত) টাকা বলে বিজিবি নিশ্চিত করেছে।
এই সফল মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি গণমাধ্যমকে জানান, সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ সক্রিয় পাচার চক্রের সদস্যদের আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা ও সুনির্দিষ্ট গাইডলাইন অনুযায়ী কঠোর গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকাগুলোতে বিজিবির জোয়ানরা নিয়মিতভাবে দিনরাত অভিযান পরিচালনা করে আসছেন এবং প্রায়শই এই ধরনের মারাত্মক মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছেন। দেশের যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং রাষ্ট্রীয় অর্থনৈতিক সুরক্ষায় সীমান্তে বিজিবির এই ধরণের কঠোর আভিযানিক কার্যক্রম ও শূন্য সহনশীলতা নীতি সবসময়ই অব্যাহত থাকবে বলেও এই শীর্ষ বিজিবি কর্মকর্তা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ছবি সংগৃহীত।

