বিসিবির কাউন্সিলর নির্বাচিত হয়ে চমক সুমিতের

বিসিবির কাউন্সিলর নির্বাচিত হয়ে চমক সুমিতের

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম–এর জ্যেষ্ঠ পুত্র এবং দৈনিক লোকসমাজ–এর প্রশাসক শান্তনু ইসলাম সুমিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। রোববার প্রকাশিত বিসিবির কাউন্সিলর তালিকা থেকে বিষয়টি জানা যায়।

দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তার নিজ জেলা যশোরে ক্রীড়া সংগঠকসহ সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। জেলার ক্রীড়া সংগঠকরা বলছেন,দীর্ঘদিনের অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বাইরে এবার প্রথমবারের মতো যশোর থেকে নিয়মতান্ত্রিক, স্বচ্ছ ও যোগ্যতার ভিত্তিতে একজন ব্যক্তি বিসিবির কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তারা আশা করছেন, দেশের ক্রিকেটের পাশাপাশি যশোরের ক্রিকেট ও অন্যান্য খেলাধুলার উন্নয়নেও তিনি কার্যকর ভূমিকা রাখবেন।

যশোরের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশ বলেন, “শান্তনু ইসলাম সুমিতের মতো একজন দক্ষ সংগঠক বিসিবির কাউন্সিলর নির্বাচিত হওয়ায় আমরা আনন্দিত। বিগত দিনে যারা যশোর থেকে কাউন্সিলর হয়েছিলেন তারা জেলার ক্রীড়াঙ্গণের জন্য উল্লেখযোগ্য কোনো অবদান রাখতে পারেননি। এবার আমরা আশাবাদী, যশোরের দীর্ঘদিনের অবহেলা দূর হবে এবং ক্রীড়াঙ্গণে গঠনমূলক পরিবর্তন আসবে।”

তিনি আরও বলেন, “শান্তনু ইসলাম সুমিত একজন নিরপেক্ষ ও যোগ্য ব্যক্তি। তার নেতৃত্বে যশোরের ক্রিকেটসহ সামগ্রিক ক্রীড়াঙ্গণ এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।”

জেলা ক্রিকেট দলের আরেক সাবেক অধিনায়ক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু বলেন, “বিগত সময়ে যারা যশোর থেকে বিসিবির কাউন্সিলর হয়েছেন তারা কখনোই যশোরের ক্রীড়াঙ্গণের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। কিন্তু শান্তনু ইসলাম সুমিত একজন সাবেক খেলোয়াড় ও দক্ষ সংগঠক। তার কাউন্সিলর নির্বাচিত হওয়ায় আমরা আশাবাদী যে, যশোরের ক্রীড়াঙ্গণ সুষ্ঠু ও পরিকল্পিত ধারায় এগিয়ে যাবে।”

জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি এ জেড এম সালেক বলেন, “আগে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনেকেই কাউন্সিলর হয়েছেন। কিন্তু এবার নিয়মনীতি ও স্বচ্ছতার ভিত্তিতে শান্তনু ইসলাম সুমিত নির্বাচিত হয়েছেন। তিনি শুধু ব্যক্তি হিসেবে নন, যশোরের ক্রীড়া সংগঠকদের প্রতিনিধি হিসেবেই বিসিবির কাউন্সিলর হয়েছেন।”

এক বিবৃতিতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউটের কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য, যশোর জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও প্রখ্যাত ভলিবল কোচ এম এ রায়হান সিদ্দিকী প্রবাল।

অভিনন্দন বার্তায় এম এ রায়হান সিদ্দিকী প্রবাল বলেন, “শান্তনু ইসলাম সুমিত একজন দক্ষ ও নিবেদিতপ্রাণ ক্রীড়া সংগঠক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হিসেবে তার অন্তর্ভুক্তি শুধু ঢাকার ক্রিকেটে নয়, বরং আমাদের যশোরের তৃণমূল ক্রিকেট ও সামগ্রিক ক্রীড়াঙ্গনের উন্নয়নে নতুন গতি সঞ্চার করবে। আমি তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”

এদিকে, বিসিবির কাউন্সিলর নির্বাচিত হওয়ায় শান্তনু ইসলাম সুমিত–কে অভিনন্দন জানিয়েছেন দৈনিক লোকসমাজ–এর ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, বার্তা সম্পাদক শিকদার খালিদসহ লোকসমাজ পরিবারের সদস্যরা। এছাড়া অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *