স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুরে আয়োজিত ১৬ দলীয় টেপ টেনিস সুপার কাপের ফাইনাল খেলা শেষে অনুষ্ঠিত কনসার্টে এক তরুণীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। বখাটেদের উপর্যুপরি ছুরিকাঘাত ও লাঠিপেটায় অন্তত ৫ জন যুবক গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৬ মে) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বাঘারপাড়া থানাধীন রায়পুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অপটিলাক্স বিডি কোম্পানির সৌজন্যে আয়োজিত কনসার্ট চলাকালীন এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে।
হামলায় গুরুতর আহতরা হলেন—রায়পুর ইউনিয়নের কৃষ্ণনগর এলাকার জাবির হোসেন (২১), নিরব হোসেন (১৫), হযরত আলী (১৭) এবং জোহরপুর এলাকার জুবায়ের (১৭) ও হুযায়ফা (১৭)। তারা বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
আহতদের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বাঘারপাড়া উপজেলার রায়পুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে ১৬ দলীয় টেপ টেনিস সুপার কাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে অপটি লাক্স বিডিকে হারিয়ে শিরোপা জিতে নেয় মাগুরা টাইটান্স। খেলা শেষে রাতে একই মাঠে এক জমকালো কনসার্টের আয়োজন করা হয়।
কনসার্ট চলাকালে নলডাঙ্গা এলাকার এক তরুণীকে একই গ্রামের মিরাজ ও নাইমসহ আরও কয়েকজন বখাটে উত্ত্যক্ত করতে থাকে। বিষয়টি দেখতে পেয়ে কৃষ্ণনগর এলাকার জাবির, নিরব ও হযরতসহ কয়েকজন এর তীব্র প্রতিবাদ জানান। এই নিয়ে দুই পক্ষের মধ্যে চরম কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নলডাঙ্গা গ্রামের পিকুল নামের এক ব্যক্তি বিষয়টি আগামী রবিবার (আজ) সমাধানের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
কিন্তু এর কিছুক্ষণ পরই বখাটে মিরাজ ও নাইম তাদের বাবা শাহিনসহ অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজন সঙ্গীকে নিয়ে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রসহ জাবিরদের ওপর আকস্মিক হামলা চালায়। তারা পাঁচ যুবককে লাঠিপেটার পাশাপাশি এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে প্রথমে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন।
এদিকে, কনসার্টের মতো একটি আনন্দঘন অনুষ্ঠানে এমন রক্তক্ষয়ী হামলার ঘটনায় পুরো এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। খবর পেয়ে বাঘারপাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে হামলাকারী বখাটেদের গ্রেফতারে পুলিশি অভিযান শুরু হয়েছে বলে জানা গেছে।ফাইল ছবি।


