স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর কোতোয়ালি থানা পুলিশ শহরের খোলাডাঙ্গা কদমতলা মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদ খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রধান অভিযুক্ত মনাকে আটক করেছে । আটক মনা খোলাডাঙ্গা কদমতলা এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে। মঙ্গলবার (২৬ মে) দুপুরে শহরের কদমতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত মনার ছেলে ইমন ও মেয়ে জুলি খাতুনসহ অন্য আসামিরা এখনো পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। এই হামলার ঘটনায় ভুক্তভোগী ছাত্রনেতা রাশেদ খান বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার ও অভিযোগ সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে গত সোমবার (২৫ মে) রাতে আসামিরা রাশেদ খানের বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এ সময় রাশেদ খান ও তার পরিবারের সদস্যরা এর প্রতিবাদ করলে আসামিরা তাদের ওপর চড়াও হন এবং মারপিট করেন। হামলাকারীরা একপর্যায়ে রাশেদ খানের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলে এবং পাশে থাকা তার বাবার ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালায়। এতে তাদের প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে এবং বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। ছবি সংগৃহীত।

