প্যারালাইজড মুকুলের মুখে হাসি ফোটালো আল মামুন ফাউন্ডেশন

প্যারালাইজড মুকুলের মুখে হাসি ফোটালো আল মামুন ফাউন্ডেশন

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে প্যারালাইজড রোগে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী ও চলাচলে সম্পূর্ণ অক্ষম অসহায় মুকুল হোসেনের পাশে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন ‘আল মামুন ফাউন্ডেশন’। আজ বৃহস্পতিবার (৪ জুন, ২০২৬) বেলা ১২টার দিকে কাশিমপুর মধ্যপাড়া গ্রামে মুকুলের নিজ বাড়িতে সশরীরে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হয় এবং সংগঠনের পক্ষ থেকে একটি হুইলচেয়ার উপহার দেওয়া হয়। এই মহতী ও মানবিক উদ্যোগে সরাসরি উপস্থিত থেকে নেতৃত্ব দেন যশোর জেলা বিএনপির অন্যতম জনপ্রিয় সাংগঠনিক সম্পাদক এবং আল মামুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা প্রকৌশলী রবিউল ইসলাম। সহায়তা প্রদানকালে তিনি অসুস্থ মুকুল হোসেনের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন, তাঁর পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং আগামী দিনগুলোতেও তাঁর প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা ও আর্থিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

হুইলচেয়ার উপহার দেওয়ার এই মানবিক কার্যক্রমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আল মামুন ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা আল মামুন শাওন, সহসভাপতি পাপ্পু জামান, সংগঠনের সক্রিয় সদস্য আবু হুরাইরা সমু, মামুন হোসেন, আরসাদ হোসেন, তৌফিকুর রহমান সোহেল এবং রাব্বি প্রমুখ। এছাড়া মানবিক এই আয়োজনে একাত্মতা প্রকাশ করে আরও উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিন, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পিকুল হোসেনসহ কাশিমপুর ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।

হুইলচেয়ার বিতরণ শেষে আল মামুন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, সমাজের অত্যন্ত অসহায়, সুবিধাবঞ্চিত ও সংকটাপন্ন মানুষের পাশে পরম মমতায় দাঁড়ানোই তাঁদের এই সংগঠনের মূল লক্ষ্য ও আদর্শ। তাঁরা সমাজের সকল বিত্তবান, সমাজসেবক ও সচ্ছল মানুষদের প্রতি যার যার অবস্থান থেকে এরকম ভীষণ অসুস্থ ও সংকটাপন্ন অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসার জন্য জোরালো আহ্বান জানান। দীর্ঘদিনের বিছানাবন্দি জীবনে একটি হুইলচেয়ার পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন মুকুল হোসেন ও তাঁর পরিবারের সদস্যরা এবং তাঁরা ফাউন্ডেশনের এই মানবিক অবদানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *